প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
রক্তফলক (বাংলা সিরিজ)
- মুক্তি: হইচই (১ মে)
- অভিনয়: শাশ্বত চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি
- গল্পসংক্ষেপ: পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এ হরর সিরিজে দেখা যাবে, টেনিয়া নামের এক রহস্যময় ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তিতলির। সেই সম্পর্কই তাকে টেনে নিয়ে যায় বিপদের মুখে। বিপদে পড়ে তার বোনেরাও। তান্ত্রিক পণ্ডিত আগমবাগীশ একটা রক্তফলকের সঙ্গে জড়িয়ে থাকা হাজার বছরের পুরোনো এক অভিশাপের ব্যাপারে জানতে পারে।
উদারিং হাইটস (ইংরেজি সিনেমা)
- মুক্তি: এইচবিও ম্যাক্স (১ মে)
- অভিনয়: জ্যাকব এলর্ডি, মার্গো রবি
- গল্পসংক্ষেপ: এমিলি ব্রন্টির ‘উদারিং হাইটস’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা। হিথক্লিফ নামের এক অনাথ বালককে বাড়িতে নিয়ে আসে মিস্টার আর্ন্শ। তার মেয়ে ক্যাথরিন ও হিথক্লিফের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধনী এডগারের সঙ্গে ক্যাথরিনের বিয়ে ঠিক হলে অপমানিত হয়ে হিথক্লিফ নিরুদ্দেশ হয়ে যায়। কয়েক বছর পর সে ফিরে আসে ধনী ও প্রভাবশালী হয়ে। তার একমাত্র লক্ষ্য, যারা তাকে ছোট করেছে, তাদের ধ্বংস করা।
গ্লোরি (হিন্দি সিরিজ)
- মুক্তি: নেটফ্লিক্স (১ মে)
- অভিনয়: সুবিন্দর ভিকি, দিব্যেন্দু, পুলকিত সম্রাট
- গল্পসংক্ষেপ: রঘুবীর নামের এক বক্সিং কোচকে ঘিরে গল্প। অলিম্পিকে স্বর্ণপদক জয়ের নেশায় মগ্ন সে। তার এই জেদের কারণে সন্তানদের সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়। রঘুবীরের মেয়ে ভয়াবহ আক্রমণের শিকার হওয়ার পর এবং এক উদীয়মান বক্সিং খেলোয়াড়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো পরিবার আবার একত্র হয়।
স্বপ্ন ভার্সাস এভরিওয়ান সিজন ২ (হিন্দি সিরিজ)
- মুক্তি: প্রাইম ভিডিও (১ মে)
- অভিনয়: অম্বরীশ ভার্মা, পরমবীর সিং, বিজয়ন্ত কোহলি
- গল্পসংক্ষেপ: দ্বিতীয় সিজনে দুই মূল চরিত্র প্রশান্ত ও জিমির জীবন দুটি ভিন্ন প্রেক্ষাপটে এগিয়ে চলে। প্রশান্ত মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। আর জিমি রিয়েল এস্টেট ও রাজনীতির মাধ্যমে আধিপত্য বিস্তার করতে থাকে। সাফল্য কি ভাগ্যের লিখন নাকি সাহসী পদক্ষেপের ফসল—এই জটিল প্রশ্নই এ সিজনের মূল ভিত্তি।
দ্য হাউস অব স্পিরিটস (স্প্যানিশ সিরিজ)
- মুক্তি: প্রাইম ভিডিও (২৯ এপ্রিল)
- অভিনয়: নিকোল ওয়ালেস, আলফসো হেরেরা, ডলোরেস ফনজি, ফারমান্ডা ক্যাসিলো
- গল্পসংক্ষেপ: ইসাবেল আলেন্দের বেস্ট সেলিং উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিরিজের গল্পের বিস্তার ট্রুয়েবা পরিবারের চার প্রজন্ম ধরে। কাহিনি শুরু হয় আলবা তার দাদি ক্লারার পুরোনো ডায়েরিগুলো খুঁজে পাওয়ার মধ্য দিয়ে, যা তাকে পরিবারের ইতিহাস ও গভীর রহস্যের মুখোমুখি করে।
ম্যান অন ফায়ার (ইংরেজি সিরিজ)
- মুক্তি: নেটফ্লিক্স (৩০ এপ্রিল)
- অভিনয়: ইয়াহিয়া আব্দুল মতিন, বিলি বুলেট, অ্যালিস ব্রাগা
- গল্পসংক্ষেপ: সিরিজটি তৈরি এ জে কুইনেলের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। এর আগে একই নামে তৈরি হয়েছিল সিনেমা। সিরিজে গল্পটি আরও বিস্তারিত আকারে বলা হয়েছে। গল্পের কেন্দ্রে ক্রিসি নামের একজন সাবেক সিআইএ এজেন্ট। তার বন্ধু পলের কিশোরী মেয়ে পো ভয়াবহ বিপদে পড়ে। তাকে উদ্ধার করতে আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে যুদ্ধে নামে ক্রিসি।