হোম > বিনোদন

স্বাধীনতা দিবস ও নাট্য দিবসকে ঘিরে শিল্পকলায় নানা আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পরিবেশন করবে পাপেট শো

২৬ মার্চ মহান ‍স্বাধীনতা দিবস এবং ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সভাপতিত্ব করবেন সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

সংস্কৃতি পর্বের শুরুতে সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। একক সংগীত পরিবেশন করবেন খুরশীদ আলম, আলম আরা মিনু, ফেরদৌস আরা, মনির খান, দেবলীনা সুর, নাসির, রিজিয়া পারভীন, সাদমান পাপ্পু, ইথুন বাবু, মৌসুমী, পলাশ সাজ্জাদ, পরাণ হাসান ও আকলিমা মুক্তা। ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা। অন্তর দেওয়ানের পরিচালনায় পরিবেশিত হবে নৃত্য ‘কালারস অব হিল’। আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী টিটো মুনসী।

আগামীকাল ২৭ মার্চ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেহালা বাদন দিয়ে শুরু হবে নাট্যদল বটতলার আয়োজন। বেহালায় দেশাত্মবোধক গান পরিবেশন করবে সুর নিবেদন সংগীত একাডেমি, শিশুশিল্পী মুনত্বাহা কামরান দৃবেলা ও কাজী সোহানা ইসলাম ছোঁয়া। এরপর পাপেট শো পরিবেশন করবে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। পাপেট শোতে দেখানো হবে বটতলার শিশু বিভাগের শিল্পীদের অভিনীত দুটি নাটক ‘ফাংসাং’ এবং ‘গালিভারস ট্রাভেলস’।

সাদিকা রুমন রচিত ফাংসাং ছোটদের একটি রূপকথার গল্প। এটি প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব, কল্পনা এবং জাদুর পাখির গল্প দিয়ে এক অদ্ভুত ও আনন্দদায়ক জগতের রূপরেখা তুলে ধরে। অন্যদিকে শাম্মী আক্তারের নাট্যরূপে গালিভারস ট্রাভেলস নাটকের গল্পে দেখা যাবে, ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে গল্পের বই ধার নিয়েছে শিশুরা। ‘গালিভারস ট্রাভেলস’ আর ‘সুলতানার স্বপ্ন’ পড়ে তাদেরও অ্যাডভেঞ্চারের স্বপ্ন জাগে। সেই স্বপ্নযাত্রারই গল্প সাজিয়েছে কিশোর বাহিনী, তাদের দলে গালিভার নাম ধারণ করে তিন বন্ধু। এরপর শুরু হয় আনন্দসফর।

অন্যদিকে, সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ মঞ্চায়ন। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে গবেষণাগার রীতিতে ত্রিংশ শতাব্দীর রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দীর মূল কাহিনি। পৃথিবীর ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতির সমান্তরালে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত সংঘাত, ইরাকে আগ্রাসন, কুয়েত, তিউনিসিয়া, ইয়েমেন, সিরিয়া, তুরস্ক, মিয়ানমারে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের নেতিবাচকতা, বাংলাদেশের সাম্প্রতিক অমানবিক ঘটনাবলিসহ নানা প্রসঙ্গ।

এ বছর শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) পেয়েছেন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের নাট্যজন কামরুজ্জামান বালার্ক। নাট্য প্রদর্শনী শেষে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে তাঁকে।

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

প্রকাশ পেল ‘মোয়ানা’র ট্রেলার, চমকে দিলেন ডোয়াইন জনসন

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে প্রিন্সের প্রদর্শনী চালু, নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নতুন প্রজন্মের উদ্দেশে নতুন আয়োজনে ‘প্রথম বাংলাদেশ’

চলে গেলেন হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন

কারাগারে নাট্যপ্রযোজক সরোয়ার