হোম > বিনোদন

বিতর্ক দিয়ে শেষ হলো হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন

বিনোদন ডেস্ক

‘হাউস অব দ্য ড্রাগ----­­­ন’ সিরিজের দৃশ্য

এইচবিওর জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজনের শেষ পর্ব প্রচারিত হওয়ার পর থেকে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মূল উপন্যাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনার রূপায়ণ বদলে দেওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে হেলেনা টারগারিয়েনের ট্র্যাজিক পরিণতি, রাজকুমার মেইলরের অনুপস্থিতি এবং যুদ্ধের পটভূমিতে নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত বইয়ের চেয়ে আলাদা হওয়ায় এই বিতর্কের সৃষ্টি।

জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর গল্পের ২০০ বছর আগের ঘটনা নিয়ে তৈরি হয়েছে হাউস অব দ্য ড্রাগন। টারগারিয়েন রাজপরিবারের স্বর্ণযুগ ও তাদের নিজেদের ভেতরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের করুণ কাহিনি উঠে এসেছে এতে। ২০২২ ও ২০২৪ সালে প্রচারিত প্রথম ও দ্বিতীয় সিজনের জনপ্রিয়তার ধারাবাহিকতায় এ বছর এসেছে তৃতীয় সিজন।

আট পর্বের এই সিজনের প্রচার শুরু হয় গত জুনে। প্রতি রোববার মুক্তি পেয়েছে একেকটি নতুন পর্ব। ৯ আগস্ট শেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় সিজনের যাত্রা। ভিউয়ারশিপের দিক থেকে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন বিশাল সাফল্য পেলেও আগের দু্ই সিজনের মতো প্রশংসিত হয়নি; বরং মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জর্জ আর আর মার্টিনের মূল উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’-এর গল্পে দেখা যায়, ছোট ছেলে মেইলরের নৃশংস হত্যাকাণ্ডের শোকে আত্মহত্যা করে হেলেনা। কিন্তু সিরিজে মেইলর চরিত্রটি পুরোপুরি বাদ দিয়ে গর্ভবতী হেলেনার আত্মহত্যা দেখানো হয়েছে, যা অনেকে পছন্দ করেননি।

এ ছাড়া মূল উপন্যাসে একের পর এক সন্তান হারানোর শোক, সঙ্গীদের বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতা হারানোর ভয় থেকে মানসিক ভারসাম্য হারিয়ে রেনিরা টারগারিয়েন ক্রমেই নিষ্ঠুর শাসকে পরিণত হয়, যা অনেক বেশি মানবিক ও বাস্তবসম্মত ছিল। কিন্তু সিরিজে তার এই পরিবর্তনের পেছনে দেখানো হয়েছে অলৌকিক কারণ। যে কারণে চরিত্রটির প্রতি দর্শকদের সহানুভূতি নষ্ট হয়েছে বলে অভিযোগ অনেকের।

সিজনজুড়ে যুদ্ধের উত্তেজনা তৈরি করা হলেও শেষ পর্যন্ত বড় কোনো লড়াই দেখানো হয়নি। শুধু চতুর্থ সিজনের ভিত্তি তৈরি করতে গল্প দীর্ঘায়িত করা হয়েছে বলে অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করেছেন।

লেখক জর্জ আর আর মার্টিন এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, টিভি অ্যাডাপটেশনের নামে মূল গল্পের অতিরিক্ত পরিবর্তনের ফলে সিরিজের আসল বার্তা নষ্ট হয়। সিজন ৩-এর সমাপনী পর্ব প্রচারের পর মার্টিনের সেই বক্তব্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সিরিজটির শো-রানার রায়ান কনডাল জানিয়েছেন, চতুর্থ সিজনই হতে যাচ্ছে এই রাজপরিবারের গৃহযুদ্ধের শেষ অধ্যায়। ২০২৮ সালে আসতে পারে সিরিজটির চতুর্থ এবং শেষ সিজন।