হোম > বিনোদন

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘অংশীদার’ নাটকের দৃশ্যে তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

নয় মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সব বাধা পেরিয়ে ইকসান রনি পরিচালিত ‘অংশীদার’ নাটক দিয়ে চেনা জগতে ফিরলেন এই অভিনেত্রী।

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন তানিয়া বৃষ্টি। এরপর তাঁর দুবার অস্ত্রোপচার হয়। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর দীর্ঘ বিশ্রামে ছিলেন তিনি। তবে অক্টোবরের শুরুতে ফেসবুক লাইভে এসে তানিয়া জানান, আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন এবং এই মাসে ক্যামেরার সামনে দাঁড়াতে চান। সেই পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে অংশীদার নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

দীর্ঘদিন পর নিজের চেনা জগতে ফিরে আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি বলেন, ‘মিডিয়ার শিল্পী, সহশিল্পী ও কলাকুশলীরা আমার একটা পরিবার, আমার জীবনের অংশ। পুরোটা সময় এই পরিবারকে মিস করেছি। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে আবার কাজে ফিরতে পেরেছি।’

শারীরিক অবস্থা ও দর্শকদের ভালোবাসার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন আগের চেয়ে ভালো আছি। আল্লাহ যেন পুরোপুরি সুস্থ করে দেন, সবার কাছে এই দোয়া চাই। যাঁরা দীর্ঘ সময়ে আমার পাশে ছিলেন, তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক দর্শক আমাকে সাহস জুগিয়েছেন। তাঁরা চেয়েছেন আমি যেন আবার কাজে ফিরি। মূলত তাঁদের জন্য অভিনয়ে ফেরা।’

অংশীদার নাটক প্রসঙ্গে তানিয়া জানান, এটি আমাদের সমাজের বাস্তব চিত্র। বাবার মৃত্যুর পর দুই বোনকে ঘিরে শুরু হওয়া সম্পত্তি নিয়ে টানাপোড়েন, চাচা ও তার পরিবারের অন্যায় এবং এর বিরুদ্ধে বড় বোনের রুখে দাঁড়ানোর গল্পই তুলে ধরা হয়েছে এখানে। প্রতিবাদী বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

এতে তানিয়া ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, শিগগির কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।

আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

‘ফেউ’ মুক্তির ঘোষণায় স্বস্তিতে মোস্তাফিজুর নূর ইমরান

‘পাবজি’র লাইভ-অ্যাকশন সিরিজ আনছে নেটফ্লিক্স

মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’

তাহমিমা আনামের উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ

১৬ হলে মুক্তি পাচ্ছে ‘পোড়া প্রেম’

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ

এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ