শিক্ষকদের দেওয়া প্রশাসনিক দপ্তরের তালা ভেঙে আজ বৃহস্পতিবার সকালে দখলে নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম। কিন্তু বিকেলে খবর আসে তাঁর বিদায় ঘণ্টা বেজে গেছে। অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন ছিলেন।
জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, তিনি রাজধানীতে আছেন। মন্ত্রণালয়ে যোগদান করে তারপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসবেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করা হবে।
এদিকে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের শাটডাউন কর্মসূচি আজও অব্যাহত ছিল। এ প্রসঙ্গে ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনার ক্যাম্পাসে আসেন। তিনি ডিন ও চেয়ারম্যানদের সঙ্গে বসতে চান। শিক্ষকেরা তখন তাৎক্ষণিক ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেন যে উপাচার্যকে অবাঞ্ছিত করেছেন, তার সঙ্গে কেন বসবেন? তা ছাড়া তিনি তো শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে প্রশাসনিক দপ্তরগুলোর তালা ভেঙে দখল করেছেন। বিভাগীয় কমিশনারও এর আগে সিন্ডিকেটে ভূমিকা রাখেননি। এসব কারণে বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক করেননি শিক্ষকেরা।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৩ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যোগদান করেন ড. তৌফিক আলম। এরপর ধীরে ধীরে ছাত্র, শিক্ষকদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তাঁর। সবশেষ গত ২১ এপ্রিল ৬০ জনের পদোন্নতির দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষকেরা। তাঁরা অভিযোগ করেন, আইনের গ্যাঁড়াকলে ফেলে উপাচার্য তাঁদের পদোন্নতি আটকে দিয়েছেন। প্রতিবাদে ক্যাম্পাসে শাটডাউন এবং উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষকেরা। এ কারণে পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগের দিন আজ বৃহস্পতিবারও অচল ছিল ববি।