হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ঢাবি প্রতিনিধি

সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সমাবর্তনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনের তারিখ নির্ধারিত হয়েছে ২০২৭ সালের ২৬ জানুয়ারি (মঙ্গলবার)। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদ পাবেন সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি।

আজ রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সমাবর্তনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় সমাবর্তন আয়োজনের বিভিন্ন কার্যক্রম নির্ধারণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবর্তনে অংশগ্রহণের আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সভায় একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবর্তনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন ও এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও দপ্তরপ্রধানেরা উপস্থিত ছিলেন।