হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি হল সংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ব্যবস্থা চাইল বিপ্লবী ছাত্র মৈত্রী

ঢাবি প্রতিনিধি

রোববার ঢাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়ে কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাওয়া সাবেক এক নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া এবং এ ঘটনায় হল সংসদের দায়িত্বশীল পদে থাকা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ রোববার বেলা ২টায় সংগঠনের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে স্মারকলিপি দেয়। পরে প্রক্টর কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দুজন বিবাহিত সাবেক শিক্ষার্থী বর্তমান কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ফুটবল খেলা দেখতে শহীদুল্লাহ হলে প্রবেশ করেন। হলের প্রবেশপথে নিয়ম অনুযায়ী নাম নিবন্ধনের পর তাঁরা মাঠে অবস্থান করছিলেন।

এ সময় হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাজু মিয়া, ক্রীড়া সম্পাদক ও আরও কয়েকজন তাঁদের ঘিরে ধরেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, সাবেক ওই নারী শিক্ষার্থীর উদ্দেশে অপমানজনক, বৈষম্যমূলক ও নারীবিদ্বেষী মন্তব্য করা হয়। পরে সংঘবদ্ধভাবে ভয়ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগের মাধ্যমে তাঁদের হল ত্যাগ করতে বাধ্য করা হয়।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতারা বলেন, ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মব সংস্কৃতি, মোরাল পুলিশিং, কর্তৃত্ববাদী আচরণ ও ক্ষমতার অপব্যবহারের একটি উদ্বেগজনক উদাহরণ।

সংগঠনটির নেতাদের দাবি, হল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা প্রশাসনিক ক্ষমতা ছাড়াই শিক্ষার্থীদের ঘিরে ধরা, জিজ্ঞাসাবাদ করা ও হল থেকে বের করে দেওয়া বিশ্ববিদ্যালয়ের বিধি এবং গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রী পাঁচ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত; হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাজু মিয়া, ক্রীড়া সম্পাদকসহ জড়িত সবার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া; ক্যাম্পাসে মব সংস্কৃতি ও মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন; নারী-পুরুষ-নির্বিশেষে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।

শিক্ষাবৃত্তি নিয়ে ভারতের পারুল ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশনের উদ্যোগ

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত

অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ জবি শিক্ষার্থীর

সাইবার নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে ইউএফটিবিতে আধুনিক ল্যাব উদ্বোধন

জবিতে দুই দিনব্যাপী সংগীত উৎসব শুরু

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ইউল্যাবে অনুষ্ঠিত হলো ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস

আন্তবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী জবি

বাবার প্রতি ভালোবাসা