বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। চার বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ভাস্কুলার সার্জারির অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।
নিয়োগের শর্তে বলা হয়েছে, তাঁদের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। তাঁরা অব্যবহিত পূর্ববর্তী পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতা প্রাপ্য হবেন। কমিশনের সদস্য হিসেবে তাঁরা প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। এ নিয়োগ তাঁদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।