হোম > শিক্ষা

আইইএলটিএস স্কোর কত দিন বৈধ

শিক্ষা ডেস্ক

ছবি: এআই দিয়ে তৈরি

আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা বা আইইএলটিএস দিয়েছেন? টেস্ট রিপোর্ট ফরম এখন আপনার হাতে। এবার বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা অভিবাসনের প্রস্তুতি নেওয়ার পালা। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানেন না, আইইএলটিএসের স্কোর আজীবনের জন্য বৈধ নয়। এরও নির্দিষ্ট মেয়াদ রয়েছে। তাই পরীক্ষা দেওয়ার প্রস্তুতির পাশাপাশি স্কোরের বৈধতার সময়সীমা সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকা জরুরি।

কত দিন বৈধ থাকে এই স্কোর?

সাধারণত আইইএলটিএসের টেস্ট রিপোর্ট ফরম পরীক্ষার তারিখ থেকে দুই বছর পর্যন্ত বৈধ থাকে। বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়, নিয়োগকারী প্রতিষ্ঠান, পেশাগত সংস্থা এবং অভিবাসন কর্তৃপক্ষ এই সময়সীমা অনুসরণ করে।

ধরুন, আপনি ২০২৬ সালের ২৮ জুলাই পরীক্ষা দিলেন। সে ক্ষেত্রে আপনার স্কোর সাধারণভাবে ২০২৮ সালের ২৭ জুলাই পর্যন্ত গ্রহণযোগ্য থাকবে। এরপর নতুন কোনো আবেদন করতে হলে বেশির ভাগ ক্ষেত্রেই আবার আইইএলটিএস পরীক্ষা দিতে হবে।

স্কোরের মেয়াদ শেষ হয় কেন?

ভাষা একটি জীবন্ত দক্ষতা। নিয়মিত চর্চা করলে তা শাণিত হয়। দীর্ঘদিন চর্চায় না থাকলে দক্ষতা কমেও যেতে পারে। এই কারণেই বিশ্ববিদ্যালয় বা অভিবাসন কর্তৃপক্ষ আবেদনকারীর বর্তমান ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে সাম্প্রতিক আইইএলটিএস স্কোর দেখতে চায়। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মতো এটি স্থায়ী সনদ নয়। বরং এটি নির্দিষ্ট সময়ের ভাষাগত সক্ষমতার একটি মূল্যায়ন।

মেয়াদ শেষ মানেই কি ফল বাতিল?

একেবারেই নয়। দুই বছর পার হলেও আপনার পরীক্ষার ফল মুছে যায় না। সেটি আপনার অর্জিত ফলের স্থায়ী রেকর্ড হিসেবেই থাকে। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়, ভিসা কর্তৃপক্ষ বা পেশাগত সংস্থা নির্ধারিত সময় পার হওয়ার পর সেই স্কোরকে ভর্তি, ভিসা বা নিবন্ধনের জন্য আর গ্রহণ করে না। অর্থাৎ ফল থাকে, কিন্তু তার গ্রহণযোগ্যতা শেষ হতে পারে।

কোনো ব্যতিক্রম

হ্যাঁ, তবে খুব সীমিত। কিছু নিয়োগকারী প্রতিষ্ঠান বা পেশাগত লাইসেন্স প্রদানকারী সংস্থা দুই বছরের বেশি পুরোনো স্কোরও বিবেচনা করতে পারে। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হতে পারে যে তিনি নিয়মিত ইংরেজিভাষী পরিবেশে পড়াশোনা বা কাজ করেছেন এবং ভাষাগত দক্ষতা ধরে রেখেছেন।

তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও অভিবাসন কর্তৃপক্ষ দুই বছরের কম পুরোনো স্কোরই চায়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ নীতিমালা দেখে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

সব দেশেই কি একই নিয়ম

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ আইইএলটিএস গ্রহণকারী প্রায় সব দেশেই দুই বছরের বৈধতার নিয়ম অনুসরণ করা হয়। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ও একই নীতি মেনে চলে। যদিও কিছু প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম থাকতে পারে। এই সময়সীমা আইইএলটিএস একাডেমিক ও আইইএলটিএস জেনারেল ট্রেনিং উভয় পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য।

আবেদন চলাকালে মেয়াদ শেষ হলে?

এটি পুরোপুরি নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতির ওপর। কোথাও আবেদন জমা দেওয়ার দিন স্কোর বৈধ থাকলেই যথেষ্ট। আবার কোথাও ভর্তি নিশ্চিত হওয়া, নিবন্ধন সম্পন্ন হওয়া বা ভিসা ইস্যু হওয়া পর্যন্ত স্কোর বৈধ থাকতে হয়। তাই স্কোরের মেয়াদ শেষ হওয়ার একেবারে কাছাকাছি সময়ে গুরুত্বপূর্ণ আবেদন না করাই ভালো।

মেয়াদ কি বাড়ানো যায়?

না। আইইএলটিএস স্কোরের মেয়াদ নবায়ন বা বাড়ানোর কোনো সুযোগ নেই। দুই বছর পার হলে নতুন বৈধ স্কোর পেতে আবার পরীক্ষা দিতে হবে। তবে ভালো খবর হলো, একজন পরীক্ষার্থী যতবার ইচ্ছা আইইএলটিএস পরীক্ষা দিতে পারেন। প্রয়োজন হলে নতুন স্কোর অর্জন বা ব্যান্ড উন্নত করার সুযোগ সব সময়ই থাকে।

ওয়ান স্কিল রিটেইকের ক্ষেত্রেও কি একই নিয়ম?

যেসব দেশে আইইএলটিএস ওয়ান স্কিল রিটেইক চালু রয়েছে, সেখানে পরীক্ষার্থী পুরো পরীক্ষা না দিয়ে শুধু একটি অংশ যেমন: লিসনিং, রিডিং, রাইটিং অথবা স্পিকিং আবার দিতে পারেন। এই হালনাগাদ ফলও সাধারণভাবে দুই বছর বৈধ থাকে। তবে সব বিশ্ববিদ্যালয় বা অভিবাসন কর্তৃপক্ষ ওয়ান স্কিল রিটেইকের ফল গ্রহণ করে না। তাই এই সুবিধা নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম জেনে নেওয়া উচিত।

মনে রাখুন, আইইএলটিএস স্কোর পরীক্ষা দেওয়ার তারিখ থেকে দুই বছর পর্যন্ত বৈধ থাকে। তাই বিদেশে উচ্চশিক্ষা, চাকরি, পেশাগত নিবন্ধন বা অভিবাসনের পরিকল্পনা করলে আগে দেখে নিন, পুরো আবেদন প্রক্রিয়ায় আপনার স্কোর বৈধ থাকবে কি না।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসেও নিরাপত্তাহীন ছাত্রীরা

ইউআইইউতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম

ডুয়েটের উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. রুমা

এবার এইচএসসির জীববিজ্ঞান প্রশ্নেও ‘অসংগতি’

রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত রাকসু ও শিবির নেতাদের গ্রেপ্তার দাবি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে বৃত্তির সুযোগ

ঢাবিতে মানবাধিকারবিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাবির দুই হলে ফগার মেশিন দিল ডিএসসিসি

দুই দিনে নতুন ভিসি-প্রোভিসি পেল ২১ বিশ্ববিদ্যালয়