কর্মজীবী পেশাজীবীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের ইভনিং এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ প্রোগ্রামে মোট ৪৫টি সাধারণ আসনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য ৫টি সংরক্ষিত আসন রয়েছে। কর্মজীবীদের সুবিধার কথা বিবেচনা করে সপ্তাহের কর্মদিবসে সন্ধ্যায় ক্লাস অনুষ্ঠিত হবে।
ইএমবিএ প্রোগ্রামে মার্কেটিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে বিশেষায়িত শিক্ষা দেওয়া হবে।
ভর্তি পরীক্ষা আগামী ৮ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে অবস্থিত ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে নেওয়া হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য, ভর্তি বিজ্ঞপ্তি এবং পরবর্তী হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।