চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ১৩৪।
এ দিকে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এবার মোট ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ৯৮৪ টি।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।
আজ সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের সময় এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে, পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। আর দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী।