হোম > শিক্ষা

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও পোশাক বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্পের আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুল পোশাক, পাটের তৈরি ব্যাগ ও জুতা বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম; সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম; প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ; প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন ব্যবসায়ী-উদ্যোক্তা প্রতিনিধি অংশ নেন।

শিক্ষামন্ত্রী জানান, কোমলমতি শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও পোশাক বিতরণ কর্মসূচিতে পোশাক খাতের উদ্যোক্তারা ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন। পাইলট প্রকল্পের জন্য বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এক লাখ ইউনিট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

মন্ত্রী বলেন, এটি একটি পাইলট কর্মসূচি, যা জুলাই থেকে শুরু হবে। প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে সারা দেশের আটটি বিভাগে সম্প্রসারণ করা হবে এবং পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর কাছে পৌঁছানো হবে। পরে মাদ্রাসা ও ইবতেদায়ি প্রতিষ্ঠানও এর আওতায় আসবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক পর্যায়ে সফল বাস্তবায়নের পর মাধ্যমিক স্তরেও এই উদ্যোগ সম্প্রসারণে বিবেচনা করা হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হবে। তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়নের সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে।

শাহে আলম বলেন, সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করবে। পাশাপাশি ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হচ্ছে, যাতে কর্মসূচির পরিধি আরও বাড়ানো যায়। তাঁদের সহায়তার ওপর ভিত্তি করে প্রতিটি উপজেলায় আরও বেশি বিদ্যালয় অন্তর্ভুক্ত করা হতে পারে।

প্রতিমন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরের শেষ পর্যায়ে সরকার গঠন হওয়ায় নির্বাচনী অঙ্গীকারগুলোর বাস্তবায়ন আপাতত পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হচ্ছে। আগামী অর্থবছরে এটি বড় পরিসরে সম্প্রসারণ করা হবে। কর্মসূচির আওতায় সব শিক্ষার্থী একই ধরনের ব্যাগ ও জুতা পাবে। এ ছাড়া ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকবে আলাদা কিন্তু অভিন্ন নকশার পোশাক।

গ্রামীণ ইউনিভার্সিটির পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ

ঢাবিতে ২ মে থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কুইজ আসর

এসএসসির চতুর্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯

জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবি জকসুর

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

আইইউবিতে আধুনিক মাশরুম চাষবিষয়ক কর্মশালা

আরও ২৬২ শিক্ষকের জাল সনদ শনাক্ত, ফেরত দিতে হবে বেতন-ভাতার প্রায় ৩ কোটি টাকা

৮০৩ দলের স্বপ্ন, একটিই মুকুট: ব্যবসায়িক কেস প্রতিযোগিতায় বিইউপির জয়

উত্তরা ইউনিভার্সিটিতে ‘সিআরটি প্রপোজাল ডিফেন্স ২০২৬’ অনুষ্ঠিত

জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্তা