কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করছেন, নিয়মিত লক্ষ্য পূরণ করছেন বা ছাড়িয়ে যাচ্ছেন। বসও আপনার কাজে সন্তুষ্ট, সহকর্মীরাও আপনাকে দক্ষ হিসেবে বিবেচনা করেন। তবু পদোন্নতির সময় দেখা যায়, তুলনামূলকভাবে কম দক্ষ সহকর্মীরাই এগিয়ে যাচ্ছেন, আর আপনি একই জায়গায় থেমে আছেন। এমন পরিস্থিতি তৈরি হলে বুঝতে হবে নিজের অজান্তে কিছু অভ্যাস আপনার ক্যারিয়ারের অগ্রগতিকে আটকে দিচ্ছে।
অনেকে মনে করেন, অফিসে ‘ওভারঅ্যাচিভার’ হওয়া মানেই সাফল্য। সব কাজের দায়িত্ব নেওয়া, সবার আগে অফিসে আসা, সবার পরে বের হওয়া—এসব বসরা নিষ্ঠা হিসেবে দেখেন। কিন্তু এর একটি অদৃশ্য বিপরীত দিকও আছে। অতিরিক্ত কাজের চাপ, দীর্ঘ সময় ডেস্কে আটকে থাকা এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট হওয়া ধীরে ধীরে তীব্র ক্লান্তিতে ডুবে যাওয়া। নিচে এমনই ছয়টি নীরব কারণ তুলে ধরা হলো—
‘না’ বলতে না পারা
ক্যারিয়ার থমকে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো ‘না’ বলতে না পারা। কাজের চাপ বেশি থাকলেও আপনি অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলেন; কারণ, আপনি চান সবাই আপনাকে নির্ভরযোগ্য মনে করুক।
ফলে নিজের সীমা না বুঝেই কাজের বোঝা বাড়ান। একসময় দেখা যায়, গুরুত্বপূর্ণ কাজগুলোও ঠিকভাবে শেষ করা যাচ্ছে না। এতে দক্ষতার বদলে আপনার ওপর চাপের প্রভাবই বেশি দৃশ্যমান হয়।
সবার আগে এসে সবার পরে যাওয়া
অনেকে মনে করেন, বেশি সময় অফিসে থাকলে বেশি মূল্যায়ন পাওয়া যাবে। তাই তাঁরা সবার আগে আসেন, সবার পরে বের হন। কিন্তু আধুনিক কর্মক্ষেত্রে সময় নয়, ফলই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সময় কাজের ভান অনেক সময় ‘প্রেজেন্টিজম’-এর লক্ষণ হয়ে দাঁড়ায়, যেখানে উপস্থিতি থাকলেও উৎপাদনশীলতা কমে যায়। ধীরে ধীরে এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও চাপ ফেলে।
নিখুঁত হওয়ার অতিরিক্ত চেষ্টা
প্রতিটি কাজ নিখুঁতভাবে করার চেষ্টা অনেক সময় উল্টো ফল দেয়। ছোট কাজেও অতিরিক্ত সময় ব্যয় হয়, বারবার যাচাই ও সম্পাদনায় সময় নষ্ট হয়। এর ফলে কাজ শেষ হলেও তা সময়মতো সম্পন্ন হয় না। অনেক ক্ষেত্রে ভুল হওয়ার ভয়ই আপনাকে অগ্রগতির পথে পিছিয়ে দেয়।
কাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে না পারা
অফিসের কাজ অফিসেই সম্পন্ন করা বুদ্ধিমানের লক্ষণ। কাজ বাসায় নিয়ে গেলে সমস্যা তৈরি হয়। বাসায় থাকলেও মাথায় কাজ ঘুরতে থাকে, ছুটির দিনেও ই-মেইল চেক করা বা পরের দিনের পরিকল্পনা করতে থাকেন। এভাবে কাজ ও ব্যক্তিগত জীবনের সীমারেখা মুছে যায়। পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় ধীরে ধীরে মানসিক ক্লান্তি ও বার্নআউট তৈরি হয়।
দায়িত্ব ভাগ করে দিতে না পারা
অনেকে মনে করেন, অন্যকে দায়িত্ব দিলে কাজের মান কমে যাবে। তাই সবকিছু নিজের কাঁধে রাখেন। ফলে কাজের চাপ বাড়তে থাকে, কিন্তু অগ্রগতি থেমে যায়। কার্যকর নেতৃত্ব মানে শুধু কাজ করা নয়, কাজ করিয়ে নেওয়া; সঠিকভাবে কাজ ভাগ করে দেওয়া এবং কর্মীদের ওপর আস্থা রাখা।
‘সব সমস্যার সমাধানকারী’ হয়ে ওঠা
অফিসের সব সমস্যা সমাধানে এগিয়ে যাওয়াকে অনেকে গর্বের বিষয় মনে করেন। কিন্তু বাস্তবে এটি দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হতে পারে। সহকর্মীরা সব সময় আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, আর আপনার নিজের কাজের সময় কমে যায়। এতে আপনি ধীরে ধীরে অতিরিক্ত চাপগ্রস্ত হয়ে পড়েন এবং নিজের মূল দায়িত্ব থেকে মনোযোগ সরে যায়।
আধুনিক কর্মক্ষেত্রে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়; প্রয়োজন কৌশলগত উপস্থিতি, সঠিক সীমা নির্ধারণ এবং কার্যকর কাজের ভারসাম্য। কারণ, শেষ পর্যন্ত কে কতটা কাজ শেষ করল, তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—কে কতটা প্রভাব ফেলতে পারল।
সূত্র: ফোর্বস