হোম > শিক্ষা

গোল্ডেন জিপিএধারীরা পাবে ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, এনসিটিবির বই ছাপা ও মুদ্রণে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জাতীয় সংসদে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানান শিক্ষাসচিব আবদুল খালেক। বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে শিক্ষাসচিব এ কথা জানান। আজ রোববারের বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ অনুমোদন ও নিশ্চিত করা হয়।

কার্যবিবরণী সূত্রে জানা গেছে, শিক্ষাসচিব বৈঠকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ২০২৬ সালে গোল্ডেন জিপিএ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে একটি ল্যাপটপ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ সালে এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া সাংবাদিকদের জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপানো ও মুদ্রণ-সংক্রান্ত কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি। এ জন্য একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি। প্রয়োজনে একাধিক তদন্ত কমিটি গঠন করে সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। এনসিটিবির বিষয়টি তাঁরা তদন্ত করবেন। তদন্ত শেষে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি সংসদের স্পিকারের কাছেও সুপারিশ দেওয়া হবে।

কমিটির সভাপতি জানান, নতুন শিক্ষাবর্ষের বই বিতরণে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, তাঁরা কোনো আতঙ্ক সৃষ্টি করতে চান না। তবে ফ্যাসিস্ট দোসর, যাঁরা এখনো মুদ্রণশিল্পকে কুক্ষিগত করে রেখেছেন, সেটার প্রতিকার চান। প্রয়োজনে তদন্ত শেষে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়া হবে।

বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে আবেদন করা শিক্ষকদের ভোগান্তি কমানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে। কমিটির সভাপতি জানান, এ খাতে ১ হাজার ৬০০ কোটি টাকার বেশি অর্থ রয়েছে। আবেদনকারীদের মধ্যে যাঁদের পাওনা পরিশোধ করা সম্ভব, তাঁদের দ্রুত অর্থ দেওয়ার সুপারিশ করা হয়েছে। দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষক ও হজে যেতে ইচ্ছুক শিক্ষকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির কথাও বলা হয়েছে।

কমিটির সভাপতি আরও জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন-সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে কমিটি। শিক্ষকদের হয়রানির কারণ হতে পারে, এমন বিতর্কিত বিধান না রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে। এ ছাড়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত, শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো এবং নতুন করে শিক্ষক নিয়োগে জটিলতার বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত সর্বশেষ প্রবিধানমালায় সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখার বিষয়ে তাগিদ দেওয়া হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ-সম্পর্কিত বিষয়ে কমিটিকে অবহিত করা হয় এবং চলমান নিয়োগপ্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে মর্মে কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, তাহসিনা রুশদীর, সেলিমুজ্জামান মোল্যা, জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মুজিবুর রহমান এবং আতিকুর রহমান মোজাহিদ।

ডুয়েটে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পৌনে ১১ লাখ আবেদন, ছাড়াল গত দুই বছরের হিসাব

এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবন্ধ যেভাবে লিখবেন

পরীক্ষায় ভালো ফল আত্মবিশ্বাস বাড়ায়

৬০০ অধ্যাপককে ই-মেইল, অবশেষে সাদের স্বপ্নপূরণ

‎এইচএসসিতে পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল

এআই সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবনী প্রকল্প

ডুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

ঢাবিতে এক্সিকিউটিভ এমআইটি কোর্সে ভর্তি, আবেদন শেষ ১৮ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: আসন নিশ্চিত করার প্রস্তুতি যেমন হবে