হোম > শিক্ষা

বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের প্রতিনিধি মনোনয়ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের বেসরকারি, ডেন্টাল ও আর্মি মেডিকেল কলেজগুলোর পরিচালনা পর্ষদে প্রতিনিধি মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ-সংক্রান্ত একটি আদেশ গত রোববার মনোনয়ন দিয়েছে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আজ সোমবার বিষয়টি জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তাদের তাঁদের নামের পাশে বর্ণিত বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ ও আর্মি মেডিকেল কলেজে মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।

পরিচালনা পর্ষদে মনোনীত কর্মকর্তাদের কার্যপরিধি সম্পর্কে আদেশে বলা হয়, কর্মকর্তারা সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করবেন। ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ প্রণীত এমবিবিএস ভর্তি নীতিমালা ও সংশ্লিষ্ট অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে কলেজ পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করবেন।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট আইন, নীতিমালা এবং মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান নিয়ে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে মন্ত্রণালয়ের মনোনীত প্রতিনিধি তা লিখিতভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করবেন। সভা সংক্রান্ত নোটিশের অনুলিপি চিকিৎসা শিক্ষা-২ শাখায় আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে। কোনো বিশেষ দিনে বা অনিবার্য কারণে নির্ধারিত সভায় মনোনীত কর্মকর্তা উপস্থিত হতে না পারলে, ছুটিকালীন বিকল্প কর্মকর্তা ওই সভায় প্রতিনিধিত্ব করবেন।

এতে আরও বলা হয়, কলেজ কর্তৃপক্ষকে সভার নোটিশ কমপক্ষে পাঁচ কর্মদিবস আগে মনোনীত কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। মনোনীত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে চিকিৎসা শিক্ষা-২ শাখায় নোটিশ পাঠিয়ে যোগাযোগ করতে হবে। আদেশে বলা হয়, প্রতিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির সভা বছরে কমপক্ষে চারবার অনুষ্ঠিত হতে হবে। পাশাপাশি গভর্নিং বডির প্রতিটি সভার কার্যবিবরণী অবশ্যই মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

প্রাথমিকে বৃত্তির ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর

প্রাথমিকে বদলি-পদায়নে চার কমিটি, নেতৃত্বে সচিব-ডিসি-ইউএনও

প্রাথমিক বিদ্যালয় ওয়ান-শিফটে আনার পরিকল্পনা

বাবা তোমায় ভালোবাসি

জাপানে পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ

কারিগরি শিক্ষায় পাকিস্তানের সঙ্গে কাজ করার সুযোগ আছে: শিক্ষামন্ত্রী

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস

আন্তবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী জবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১০ শতাংশ কর প্রত্যাহারের দাবি

বেসরকারি শিক্ষকদের বদলিতে ডেটা এন্ট্রির সময় বাড়ল