হোম > শিক্ষা

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই) উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা, অর্থনীতি, সমাজ, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন গড়ে তোলার দীর্ঘমেয়াদি উদ্যোগের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক অস্থিরতা, ব্যাংকিং খাতের চাপ এবং ক্রমবর্ধমান ব্যবসায়িক ব্যয়সহ নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি। এ প্রেক্ষাপটে ‘নেক্সাস সেমিনার সিরিজ’ একাডেমিক কার্যক্রমকে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ ড. ইফতিখার মোস্তফা ‘কাঠামোগত সংস্কারের জন্য উদ্ভাবন, ভ্যালু চেইন এবং সরকারি-বেসরকারি সহযোগিতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিন দশকের বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে তিনি কাঠামোগত সংস্কারের জন্য উদ্ভাবনী বাস্তুতন্ত্র গড়ে তোলা, বৈশ্বিক মূল্যশৃঙ্খল (জিভিসি) শক্তিশালী করা এবং কার্যকর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সফল উদ্যোগের উদাহরণ তুলে ধরে তিনি দেখান, সমন্বিত প্রণোদনা কীভাবে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে পারে।

আলোচক হিসেবে ইউআইইউর অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. ওমর ফারুক বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের অর্থনীতিকে বৈশ্বিক মূল্যশৃঙ্খলে কার্যকরভাবে যুক্ত হতে হলে মূল্য সৃষ্টি, মূল্য আহরণ ও মূল্য বণ্টন সম্পর্কে আরও গভীর ও পরিশীলিত ধারণা প্রয়োজন। তিনি পদ্ধতিগত সংস্কারের জন্য ‘সিস্টেম থিংকিং’ ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।

পাশাপাশি উচ্চশিক্ষায় আন্তঃবিষয়ক (ইন্টারডিসিপ্লিনারি) শিক্ষা ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরে ওমর ফারুক বলেন, বর্তমান বিশ্বের অধিকাংশ জটিল সমস্যা কোনো একক একাডেমিক শাখার মাধ্যমে সমাধান সম্ভব নয়।

নেক্সাস সিরিজের আহ্বায়ক অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ বলেন, বাংলাদেশের প্রচলিত প্রবৃদ্ধির মডেল তার কাঠামোগত সীমায় পৌঁছে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের (৪আইআর) যুগে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও পরিমাপযোগ্য সমাধান জরুরি। এ জন্য সরকার, শিল্পখাত ও একাডেমিয়াকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও সাবেক উপাচার্য অধ্যাপক এমেরিটাস ড. এম. রিজওয়ান খান এবং বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম গবেষণাভিত্তিক নীতি-সংলাপকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কার্যকর নীতি সংস্কার নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক এবং ব্যাংকিং ও আর্থিক খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএস মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ দিন আজ

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

ঢাবি সিনেটে বিরোধী দলের দুজন এমপিকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব সামিনা লুৎফার

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ

ঢাবিতে ১ হাজার কোটি টাকার বাজেট, গবেষণা খাতে বরাদ্দ শূন্য

ঢাবির ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত