অস্ট্রেলিয়ার খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ক্যানবেরা বাংলাদেশে একটি শাখা ক্যাম্পাস বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির আট সদস্যের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং সম্ভাব্য ক্যাম্পাস স্থাপনের বিষয়টি তুলে ধরে।
বৈঠকে প্রতিনিধিদলটি জানায়, বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশের শিক্ষার্থীরা নিজ দেশেই আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।
ইউজিসি চেয়ারম্যান উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব দেশের উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও জোরদার করবে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পথ সুগম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাসান উজ জামান। দলে আরও ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, প্রফেসর বিল শর্টেন (ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট), প্রফেসর মাইকেল লিংকন (ডেপুটি ভাইস চ্যান্সেলর) এবং ড. ফিওনা রিচার্ডস (চিফ গ্লোবাল এনগেজমেন্ট অফিসার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউজিসির পক্ষে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলামসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।