হোম > শিক্ষা

‘রাবি প্রশাসনের অসহায়ত্ব সাংবাদিকদের নিরাপত্তাকে আরও ঝুঁকিতে ফেলবে’

ইবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের মৌন মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চোখে কাপড় বেঁধে মৌন মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকেরা। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।

আজ সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি প্রেস ক্লাব, ইবি সাংবাদিক সমিতি ও ইবি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতিও দিয়েছে তিন সাংবাদিক সংগঠন।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি সংবাদ সংগ্রহে বাধা দেওয়া কিংবা সাংবাদিকদের শারীরিকভাবে আক্রমণ করার অধিকার রাখে না। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হামলা বা হয়রানির শিকার হওয়া স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।

তাঁরা আরও বলেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে, তা ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। একই সঙ্গে ঘটনার সিসিটিভি ফুটেজ সরবরাহে প্রশাসনের অস্বীকৃতি তাদের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্নের জন্ম দিয়েছে।

বিবৃতিতে সাংবাদিক নেতারা হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সাংবাদিক নিপীড়ন, হেনস্তা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মৌন মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ প্রায় ৩৫ জন সাংবাদিক।