হোম > শিক্ষা

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: আজকের পত্রিকা

‎শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি নামের নতুন দুটি বাধ্যতামূলক বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামের দুটি আলাদা বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ ছাড়া এ শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা শিক্ষা গুরুত্ব পাচ্ছে।

আজ ‎সোমবার বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বিস্তরণ শুরু হবে বলে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা প্রথমত বিদ্যমান কারিকুলামকে সঠিকভাবে পরিমার্জন করে, বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিভাইজ করে এই ২০২৭ সালে দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন, সেটা আমরা কাজ শুরু করেছি। ২০২৮ সালে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন, এখন নয়। ইনশা আল্লাহ, কারিকুলাম খুব সুন্দর হচ্ছে এবং চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে।’

‎এর আগে নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ‎তিনি বলেন, ‘১৬ বছরের সব সমস্যা হয়তো এক দিনে এক বছরে সমাধান করা যাবে না। আমরা বিশ্বাস করি, আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। যতটা দ্রুত সম্ভব আমরা প্রয়োজনীয় পরিবর্তনগুলো করব। এখানে কারিকুলামের ভেতরে একটি অংশ রয়েছে, যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করতে হবে। এর পাশাপাশি নতুন কিছু সাবজেক্ট আমরা অ্যাড করছি। যেটি আমরা যেভাবে শিক্ষাব্যবস্থা থেকে ঢেলে সাজাতে চাই, সেটির আলোকে তৈরি হবে।’

‎এই উপদেষ্টা আরও বলেন, ‘ক্লাস ফোর থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ক্রীড়া সাবজেক্টটাকে অ্যাড করব। নতুন সাবজেক্ট ক্রীড়া ক্লাস ফোর থেকে। নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি। সেটাও ক্লাস ফোর থেকে। ক্লাস সিক্স থেকে আমরা দুটি সাবজেক্ট নতুন অ্যাড করছি। সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। লার্নিং উইথ হ্যাপিনেস এমন একটা সাবজেক্ট হবে, যেখানে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে, তার মাধ্যমেই কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলব এবং অবশ্যই এর সঙ্গে টিচার গাইডের একটা ব্যাপার রয়েছে। টিচার কীভাবে ট্রেনিং করবেন, টিচিং করবেন ক্লাসে—এই পুরোটাই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের ভেতরে থাকবে।’

‎নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘তৃতীয় ভাষার ওপর একটা বেশ বড় ধরনের চ্যাপ্টার আমাদের এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে, তার ভেতরে আসবে। সুতরাং, নতুন সাবজেক্ট অ্যাড হচ্ছে চারটা। নতুন একটা এক্সপ্যান্ডেড চ্যাপ্টার অ্যাড হবে। সেগুলো কোনোটা ক্লাস ফোর থেকে কোনোটা ক্লাস সিক্স থেকে। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই যে পরিবর্তন, সংযোজন-বিয়োজন প্রয়োজন, এটা আমরা চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যাঁরা এক্সপার্ট রয়েছেন, তাঁদের ইন্টিগ্রেশনের মাধ্যমে করব।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ মুখপাত্র বলেন, ‘আপনাদের একটা বিষয় সুনিশ্চিত করতে পারি যে, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষাব্যবস্থাটাকে, কারিকুলামটাকে যতটা সম্ভব ঢেলে সাজাতে। তবে এটাও বাস্তবতা যে, আমরা তো দায়িত্ব নিয়েছি ফেব্রুয়ারির পর। স্বাভাবিকভাবে নতুন বই ছাপানোর ফাইনাল করার সময়টা হয়তো খুব বেশি পাওয়া যায় না। আমরা বাস্তবিকভাবে হয়তো তিন থেকে চার মাস সময় পাচ্ছি। তিন থেকে চার মাসের যে সব সমস্যা শতভাগ পরিবর্তন করা সম্ভব, এটা আসলে হবে না। তবে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা বিশ্বাস করি, ইনশা আল্লাহ আগামী বছর আমরা আরও আরেকটু পরিবর্তন করব।’

‎সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসে র‌্যালি ও সেমিনার

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে এআই-ভিত্তিক ভাইভার চিন্তা সরকারের: শিক্ষামন্ত্রী

‎শিক্ষায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

যুক্তরাষ্ট্রে ব্যাচেলর পড়ার সুযোগ মিলবে সম্পূর্ণ বৃত্তি

প্রশান্তির ঠিকানা

প্রতিষ্ঠার পর প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি কার্যক্রম শুরু