হোম > শিক্ষা

সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে সরিয়ে দেওয়া হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পর্যায়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
 
এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৮ ধারা অনুযায়ী সভাপতি পদে জেলা পর্যায়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।

আরও বলা হয়, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার/বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হলো।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক–২) মো. রবিউল ইসলাম বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং/গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করা হয়েছে। তবে বিদ্যমান কমিটির অন্যান্য সদস্য নিজ নিজ পদে বহাল থাকবেন।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বার্ষিক প্রতিবেদন-২০২৩-এর তথ্য অনুযায়ী, দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৩৩ হাজার ৬৫০টি। এগুলোর মাধ্যমিক বিদ্যালয় ১৮ হাজার ৩৪০টি, স্কুল অ্যান্ড কলেজ ১ হাজার ৪১৭টি, কলেজ ২ হাজার ৪০৭টি, মাদ্রাসা ৯ হাজার ২৫৬টি এবং কারিগরি ও ভোকেশনাল (স্বতন্ত্র) শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ২৩০টি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়। এ পরিচালনা কমিটি হয় ১১ থেকে ১৪ সদস্যের। এর মধ্যে একজন সভাপতি ও অন্যরা সদস্য। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ, বরখাস্ত, বাতিল বা অপসারণ, নৈমিত্তিক ছুটি মঞ্জুর, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ ইত্যাদি পরিচালনার কাজ কমিটির হাতে।

উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বাজেটসহ বার্ষিক বাজেট অনুমোদন, সম্পদ রক্ষণাবেক্ষণ, সংরক্ষিত ও সাধারণ তহবিল, অন্যান্য তহবিল, শিক্ষক-কর্মচারীদের বেতন বিলে সই করাসহ প্রতিষ্ঠানের অধিকাংশ কাজই হয় পরিচালনা কমিটির মাধ্যমে।

আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, অবস্থানের সুযোগ সীমিত হচ্ছে

চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র, ২৫ মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্রও গত বছরের

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী