হোম > শিক্ষা

ভিকারুননিসায় ৯০ দিনের মধ্যে গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ এ আদেশ দেন।

এ আগে গত ২৬ জুলাই মো. ইসমাইল জবিউল্লাহকে, যিনি প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা, সভাপতি করে চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

পরে ওই অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ গত ১৩ আগস্ট একটি রিট করেন। রিটের পক্ষে ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।

ইউনুছ আলী আকন্দ বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নির্বাচন করবে।

নির্ধারিত সময়ে নির্বাচন করতে ব্যর্থ হলে পুনরায় অ্যাডহক কমিটি গঠন করা হলেও তা দুইবারের বেশি করা যায় না বলে জানান ইউনুছ আলী আকন্দ। তাঁর ভাষ্য, দুবারের বেশি কেউ সভাপতি বা সদস্যও হতে পারেন না।

ইউনুছ আলী আকন্দ বলেন, ইসমাইল জবিউল্লাহ পরপর তিনবার অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন। এ কারণেই রিট করা হয়েছিল।

আদালত অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন।