হোম > শিক্ষা

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় উচ্চশিক্ষা: আবেদন আকর্ষণীয় করে তুলবেন যেভাবে

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? পছন্দের বিশ্ববিদ্যালয় নির্বাচন ও ভর্তির যোগ্যতা পূরণের পাশাপাশি প্রয়োজন একটি গোছানো আবেদন। কারণ শুধু ভালো ফল থাকলেই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মেলে না। আবেদনে নিজের শিক্ষাগত যোগ্যতা, অর্জন, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা যথাযথভাবে তুলে ধরতে হয়। আবেদনটি এমন হওয়া চাই, যাতে ভর্তি-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আপনি অন্যদের চেয়ে আলাদাভাবে নজরে আসেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার আবেদন আকর্ষণীয় করে তুলতে ছয়টি পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন।

শিক্ষাগত যোগ্যতা তুলে ধরুন

আবেদনে ধারাবাহিক ভালো ফল, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান এবং প্রাসঙ্গিক কোর্স বা প্রশিক্ষণের তথ্য তুলে ধরুন। আগে থেকে নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সনদ ও প্রযোজ্য ক্ষেত্রে অকৃতকার্য বিষয়ের সনদ প্রস্তুত রাখুন।

বিশ্ববিদ্যালয় ও কোর্সভেদে স্যাট, জিআরই বা জিম্যাটের স্কোর চাওয়া হতে পারে। ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে প্রয়োজন হতে পারে আইইএলটিএস বা টোয়েফল স্কোর।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর কলেজ অ্যাডমিশন কাউন্সেলিংয়ের (এনএসিএসি) জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চার বছর মেয়াদি ৭৬ দশমিক ৮ শতাংশ কলেজ ভর্তির ক্ষেত্রে প্রস্তুতিমূলক কোর্সের ফলকে বিশেষ গুরুত্ব দেয়। তাই পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত জেনে নিজের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে তার সামঞ্জস্য তুলে ধরুন।

আকর্ষণীয় এসওপি লিখুন

স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) আবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এতে আপনার শিক্ষাগত আগ্রহ, ভবিষ্যৎ পেশাগত লক্ষ্য এবং নির্দিষ্ট কোর্স ও বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার কারণ স্পষ্টভাবে লিখুন।

এসওপি তৈরির আগে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, শিক্ষকদের গবেষণা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানুন। ব্যক্তিগত গবেষণা, প্রকল্প, অ্যাপ তৈরি কিংবা উদ্ভাবনী উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরুন। শুধু অর্জনের তালিকা না দিয়ে এসব অভিজ্ঞতা কীভাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় ভূমিকা রেখেছে, তা ব্যাখ্যা করুন। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শব্দসীমা ও নির্দেশনাও মেনে চলুন।

সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা জানান

শুধু একাডেমিক ফল নয়, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা, উদ্যোক্তা কার্যক্রম ও নেতৃত্বের অভিজ্ঞতাও আবেদনে তুলে ধরুন। কতটি কার্যক্রমে অংশ নিয়েছেন, তার চেয়ে বেশি জরুরি আপনার ভূমিকা ও অবদান। দল পরিচালনা, সামাজিক উদ্যোগ আয়োজন কিংবা খেলাধুলায় সাফল্য আপনার নেতৃত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় সহশিক্ষা কার্যক্রমকে বেশি গুরুত্ব দেয়। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানগুলো সাধারণত শিক্ষাগত ফল ও ভর্তির যোগ্যতাকে বেশি প্রাধান্য দেয়।

ভালো সুপারিশপত্র সংগ্রহ করুন

শিক্ষক, অধ্যাপক অথবা এমন কোনো পরামর্শদাতার কাছ থেকে সুপারিশপত্র নিন, যিনি আপনার যোগ্যতা, ব্যক্তিত্ব ও কাজের ধরন সম্পর্কে ভালো জানেন। সুপারিশপত্রে যেন শুধু প্রশংসা নয়, আপনার দক্ষতা ও অর্জনের সুনির্দিষ্ট উদাহরণ থাকে।

বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সুপারিশপত্রের সংখ্যা, সুপারিশকারীর পরিচয় ও জমা দেওয়ার পদ্ধতি আগেই জেনে নিন।

এনএসিএসির জরিপে দেখা গেছে, মাত্র ১০ দশমিক ৮ শতাংশ কলেজ ভর্তির সিদ্ধান্তে শিক্ষকদের সুপারিশপত্রকে বিশেষ গুরুত্ব দেয়। তবে একটি বিস্তারিত ও ব্যক্তিগত অভিজ্ঞতাভিত্তিক সুপারিশপত্র আপনার যোগ্যতা সম্পর্কে বাড়তি ধারণা দিতে পারে।

কাজের অভিজ্ঞতা ও ইন্টার্নশিপ তুলে ধরুন

স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা আবেদনকে সমৃদ্ধ করে। স্নাতক পর্যায়ের আবেদনকারীরাও ইন্টার্নশিপ বা পেশাগত অভিজ্ঞতার তথ্য দিতে পারেন।

পছন্দের বিষয়ের সঙ্গে সম্পর্কিত ইন্টার্নশিপ, মাঠপর্যায়ের প্রকল্প কিংবা খণ্ডকালীন চাকরি আপনার বাস্তব দক্ষতার পরিচয় দেয়। এসব কাজে অর্জিত দক্ষতা, দায়িত্ব ও অবদান সংক্ষেপে তুলে ধরুন।

কাগজপত্র গুছিয়ে জমা দিন

আবেদনপত্র, প্রবন্ধ, জীবনবৃত্তান্ত (সিভি), এসওপি ও অন্য নথি নির্ভুল এবং সুশৃঙ্খলভাবে তৈরি করুন। বানান, ব্যাকরণ ও তথ্যের ভুল আছে কি না, জমা দেওয়ার আগে যাচাই করুন। দ্য প্রিন্সটন রিভিউয়ের এক জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও আর্থিক সহায়তার আবেদন সম্পন্ন করাকে প্রক্রিয়ার সবচেয়ে চাপের কাজগুলোর একটি বলে উল্লেখ করেছেন। তাই প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা তৈরি করুন।

আবেদনের শেষ তারিখ, নথি জমার নিয়ম ও নির্ধারিত ফরম্যাট মেনে চলুন। পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে বিশ্ববিদ্যালয় স্বীকৃত পরীক্ষায় ভালো স্কোর অর্জনের চেষ্টা করুন।

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে ভালো ফলের পাশাপাশি প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি ও নিজের যোগ্যতার যথাযথ উপস্থাপন। তাই শেষ মুহূর্তের তাড়াহুড়ো নয়, সময় নিয়ে গোছানো আবেদন

তৈরি করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: আসন নিশ্চিত করার প্রস্তুতি যেমন হবে

বিসিএস প্রস্তুতির আট পরামর্শ

৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডেটাবেইস তৈরির আহ্বান ব্যারিস্টার জিল্লুর রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল ২৩ ডিসেম্বর

বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কা

বিশ্ববিদ্যালয়ের ৭৪.২ শতাংশ শিক্ষার্থীর মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণা