চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৩ ডিসেম্বর।
আজ বৃহস্পতিবার রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের যেন পুরো এক বছর অপেক্ষা করতে না হয়, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই ব্যবস্থা ভবিষ্যতে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও চালু করা হবে।
এর আগে, গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আর এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত।
পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল ও দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যেসব পরীক্ষকের খাতা মূল্যায়নের দক্ষতায় ঘাটতি রয়েছে, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের প্রকৃত ফলাফল নিশ্চিত করতে খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ার দুর্বলতা চিহ্নিত করছে শিক্ষা মন্ত্রণালয়।
বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫। এ ছাড়া সব মিলিয়ে মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ১১৩।
এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।