হোম > শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার

ইবি প্রতিনিধি

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, মারধর, অর্থ দাবি ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত ২৬ শিক্ষার্থীর মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ জন হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান। তাঁদের প্রত্যেককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও অর্থ দাবির ঘটনায় বিভাগের নয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া যৌন হয়রানির অভিযোগে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্সের দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘ সময় আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করতে বাধ্য করা এবং গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে। এ ছাড়া এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন। পরে বিভাগীয় তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির সভায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে ২৭৫তম সিন্ডিকেট সভায় ১৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে শ্রেণিকক্ষে হস্তক্ষেপ, মেসেঞ্জার গ্রুপ থেকে বাদ দিয়ে একাডেমিক তথ্য থেকে বঞ্চিত করা, ২৫ হাজার টাকা দাবি এবং মারধর করা হয়। এসব অভিযোগের পর বিভাগীয় তদন্ত শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কার ও সতর্ক করার সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

অন্যদিকে, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জিহাদুল করিমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল, আর্থিক সুবিধা আদায়, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হোটেল বুকিং এবং এক ছাত্রীকে গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ ওঠে। ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁকে দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো চিঠি আকারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে পাঠানো হবে।