হোম > শিক্ষা

আইনে স্নাতকের পর কোন পথে এগোবেন

লিটন চন্দ্র বিশ্বাস

দেশে উচ্চশিক্ষার জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে আইন অন্যতম। প্রতিবছর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিপুল শিক্ষার্থী এলএলবি ডিগ্রি অর্জন করেন। তাঁদের অনেকে পরে এলএলএমও সম্পন্ন করেন। তবে ডিগ্রি অর্জনের পর কোন পথে এগোবেন, কোন পেশায় বেশি সম্ভাবনা রয়েছে কিংবা নিজেকে কীভাবে প্রস্তুত করবেন—এসব প্রশ্নের উত্তর অনেকের কাছেই স্পষ্ট থাকে না। নিজের অভিজ্ঞতার আলোকে আইনে স্নাতকের পর শিক্ষার্থীদের করণীয় তুলে ধরেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র বিশ্বাস

আইন শিক্ষা কেবল একটি পেশায় প্রবেশের মাধ্যম নয়; এটি এমন একটি জ্ঞানভিত্তিক শিক্ষা, যা একজন মানুষকে যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। একজন আইন শিক্ষার্থী শুধু আইন মুখস্থ করেন না; বরং শেখেন কীভাবে একটি সমস্যার আইনি বিশ্লেষণ করতে হয়, যুক্তি উপস্থাপন করতে হয় এবং ন্যায়বিচারের প্রশ্নে সুস্পষ্ট অবস্থান নিতে হয়।

আইন শিক্ষা কেন গুরুত্বপূর্ণ

বিশ্বের অনেক দেশে আইন শিক্ষাকে নেতৃত্ব, গবেষণা ও নীতি-নির্ধারণের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। ফলে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণকারীরা কেবল আইনজীবী হিসেবেই নয়, প্রশাসন, করপোরেট খাত, গবেষণা, উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতো নানা ক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পান। বাংলাদেশেও এই বাস্তবতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আইন বিষয়ে দক্ষ জনবলের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে।

বিশ্ববিদ্যালয়েই প্রস্তুতির শুরু

অনেক শিক্ষার্থী মনে করেন, ভালো সিজিপিএ অর্জনই সফলতার একমাত্র চাবিকাঠি। বাস্তবে একজন আইন শিক্ষার্থীর প্রকৃত প্রস্তুতি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি সংবিধান, ফৌজদারি আইন, দেওয়ানি আইন, আন্তর্জাতিক আইন এবং সাম্প্রতিক বিচারিক রায় সম্পর্কে নিয়মিত জানার অভ্যাস গড়ে তুলতে হবে। সংবাদপত্র পড়া, গুরুত্বপূর্ণ রায় বিশ্লেষণ এবং সমসাময়িক আইনি বিতর্ক সম্পর্কে ধারণা রাখা একজন শিক্ষার্থীকে অন্যদের তুলনায় এগিয়ে রাখে।

একই সঙ্গে মুট কোর্ট প্রতিযোগিতা, বিতর্ক, সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যৎ পেশাজীবনের জন্য বাস্তব প্রস্তুতি গড়ে তোলে। বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতাও সমান জরুরি। আইনি গবেষণা, ডিজিটাল ডেটাবেইস ব্যবহার, আইনি লেখালেখি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন টুল ব্যবহারে দক্ষতা অর্জন সময়ের দাবি।

বাস্তব অভিজ্ঞতা অর্জন

আইনের শিক্ষার্থীদের জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অপরিহার্য। আদালত, আইনজীবীর চেম্বার, করপোরেট প্রতিষ্ঠানের লিগ্যাল বিভাগ কিংবা মানবাধিকার সংস্থায় ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ সময় আদালতের কার্যক্রম, মামলা পরিচালনা, আইনি নথি প্রস্তুতকরণ, চুক্তি বিশ্লেষণ এবং পেশাগত আচরণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে এই অভিজ্ঞতা ভবিষ্যতের চাকরি বা পেশাগত সুযোগ তৈরিতে সহায়ক হয়।

স্নাতকের পর পরিকল্পনা

বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এসে বেশির ভাগ শিক্ষার্থী ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। অথচ স্নাতক শেষ হওয়ার আগেই নিজের লক্ষ্য নির্ধারণ করা উচিত। যাঁরা আইনজীবী হতে চান, তাঁদের বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হবে। বিচারক হওয়ার লক্ষ্য থাকলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার দিকে মনোযোগ দিতে হবে। আর করপোরেট খাত, গবেষণা বা বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে সে অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে গুরুত্ব দিতে হবে।

একটি শক্তিশালী সিভি, ইন্টার্নশিপ, গবেষণার অভিজ্ঞতা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা একজন শিক্ষার্থীকে প্রতিযোগিতামূলক সুবিধা এনে দেয়।

বিজেএস আকর্ষণীয় গন্তব্য

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস বর্তমানে আইন শিক্ষার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত ক্যারিয়ারগুলোর একটি। বিচারক হিসেবে দেশের বিচারব্যবস্থার অংশ হওয়ার সুযোগ, সামাজিক মর্যাদা এবং দায়িত্বপূর্ণ অবস্থান এ পেশাকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।

তবে বিজেএস পরীক্ষায় সফল হতে হলে দীর্ঘমেয়াদি প্রস্তুতির বিকল্প নেই। আইন বিষয়ে গভীর জ্ঞানের পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সংবিধান এবং বিশ্লেষণধর্মী লেখার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। স্নাতকের তৃতীয় বা চতুর্থ বর্ষ থেকে নিয়মিত প্রস্তুতি শুরু করলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

আদালতেই কি ক্যারিয়ার সীমাবদ্ধ?

আইন বিষয়ে পড়াশোনা মানেই আদালতে অনুশীলন—এ ধারণা এখন আর বাস্তবসম্মত নয়। অনেকে সফল আইনজীবী হন, আবার অনেকে করপোরেট খাত, গবেষণা, শিক্ষকতা, প্রশাসন কিংবা উন্নয়ন সংস্থায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তাই পেশা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত আগ্রহ, দক্ষতা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যকে গুরুত্ব দেওয়া উচিত।

করপোরেট খাতে বাড়ছে সুযোগ

বাংলাদেশের অর্থনীতির সম্প্রসারণের সঙ্গে সঙ্গে করপোরেট আইনও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিকশিত হয়েছে। ব্যাংক, বিমা, টেলিযোগাযোগ, বহুজাতিক প্রতিষ্ঠান এবং বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানে আইনি পরামর্শকের চাহিদা দিন দিন বাড়ছে। চুক্তি প্রণয়ন, কমপ্লায়েন্স, কোম্পানি আইন, শ্রম আইন, কর আইন এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষ আইন কর্মকর্তাদের জন্য রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। তুলনামূলক স্থিতিশীল কর্মপরিবেশ ও পেশাগত উন্নয়নের সুযোগ থাকায় অনেক আইন গ্র্যাজুয়েট এই খাতকে বেছে নিচ্ছেন।

বিসিএস ও প্রশাসনে সম্ভাবনা

আইন শিক্ষার্থীদের জন্য বিসিএসও একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার। প্রশাসন, পররাষ্ট্র, পুলিশ, কর, কাস্টমসসহ বিভিন্ন ক্যাডারে আইন বিষয়ে শিক্ষিত কর্মকর্তারা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আইন শিক্ষার মাধ্যমে অর্জিত বিশ্লেষণী ক্ষমতা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং যুক্তিনির্ভর চিন্তাশক্তি প্রশাসনিক দায়িত্ব পালনে বিশেষ সহায়ক।

গবেষণা ও শিক্ষকতায় ক্যারিয়ার

যাঁদের একাডেমিক জগতে আগ্রহ রয়েছে, তাঁদের জন্য গবেষণা ও শিক্ষকতা সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং নীতি-গবেষণা সংস্থায় কাজের সুযোগ রয়েছে। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় থেকে গবেষণাপত্র লেখা, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা এবং বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি

অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান। এ ক্ষেত্রে ভালো একাডেমিক ফল, গবেষণার অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় দক্ষতা গুরুত্বপূর্ণ। আইইএলটিএস, টোফেল বা প্রয়োজনীয় সব পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), গবেষণার অভিজ্ঞতা এবং সুপারিশপত্র সংগ্রহে মনোযোগ দিতে হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন দেশে আইন বিষয়ে উচ্চশিক্ষার বিস্তৃত সুযোগ রয়েছে।

আন্তর্জাতিক কর্মক্ষেত্র

বর্তমানে আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং বৈশ্বিক করপোরেট প্রতিষ্ঠানে আইন বিষয়ে দক্ষ পেশাজীবীদের চাহিদা বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, পরিবেশ আইন, বাণিজ্য আইন এবং অভিবাসন আইন বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করলে বৈশ্বিক কর্মক্ষেত্রে ভালো সম্ভাবনা তৈরি হয়। তবে অধিকাংশ দেশে আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে হলে সংশ্লিষ্ট দেশের লাইসেন্সিং পরীক্ষা বা অতিরিক্ত যোগ্যতা অর্জন করতে হয়।

সিজিপিএর চেয়ে দক্ষতাই বড়

সিজিপিএ গুরুত্বপূর্ণ হলেও সেটিই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র মানদণ্ড নয়। বর্তমান চাকরির বাজারে দক্ষতা, যোগাযোগ ক্ষমতা, বাস্তব অভিজ্ঞতা, গবেষণার সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলিকে সমান গুরুত্ব দেওয়া হয়। তাই ফল প্রত্যাশার তুলনায় কম হলেও হতাশ না হয়ে নিজের দক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়া উচিত।

বিশেষ পরামর্শ

আইনে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করার পর একজন শিক্ষার্থীর সামনে অসংখ্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত থাকে। আদালতে অনুশীলন, বিচার বিভাগ, করপোরেট খাত, বিসিএস, গবেষণা, শিক্ষকতা কিংবা বিদেশে উচ্চশিক্ষা—প্রতিটি পথেই রয়েছে নিজস্ব সুযোগ ও চ্যালেঞ্জ।

সাফল্যের মূল চাবিকাঠি হলো সময়মতো

পরিকল্পনা, ধারাবাহিক প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং নিজের লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই যদি একজন শিক্ষার্থী নিজেকে দক্ষ করে তোলার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্ব দেন, তবে ভবিষ্যতের যেকোনো কর্মক্ষেত্রে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

গ্রন্থনা: শাহ বিলিয়া জুলফিকার

ইতালিতে বৃত্তিসহ উচ্চশিক্ষার আদ্যোপান্ত

২২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল উত্তরা ইউনিভার্সিটি

৯ মাসেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ ডাকসু—অভিযোগে নতুন নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

বাজেটে স্বচ্ছতা, শিক্ষার্থীদের কল্যাণ ও গবেষণায় বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্মই দেশের উন্নয়নের চালিকাশক্তি: সুলতান সালাউদ্দিন টুকু

শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

‎লক্ষাধিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ