বিশ্ববিদ্যালয় জীবনে প্রায়ই আমাদের দলগত কাজ করতে হয়। প্রেজেন্টেশন থেকে শুরু করে গ্রুপ স্টাডি—সবকিছুতে দলগত কাজের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এ প্রয়োজনীয়তা অনূভব করলেও আমরা অনেকে মানি না। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসব দলগত কাজে কোনো ধরনের সমন্বয় থাকে না। এতে করে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি ফলাফলে খারাপ প্রভাব ফেলে। তাই এ সমস্যা সমাধান করা জরুরি। এ ক্ষেত্রে কিছু উপায় অনুসরণ করা যেতে পারে—
প্রত্যেক সদস্যকে বোঝা
দলের সব সদস্য সব কাজে পারদর্শী হবে, তা নয়। একেকজন একেক ক্ষেত্রে পারদর্শী হবে, এটাই স্বাভাবিক। তাই দলে কাজ ভাগ করার সময় যে যেই কাজে পারদর্শী, তাকে সেই কাজ দেওয়া উচিত। এর ফলে একদিকে যেমন কাজের মান ভালো হবে, অন্যদিকে পুরো গ্রুপের কাজ সহজে ও কম সময়ে শেষ করা যাবে।
পরিকল্পনা
যেকোনো কাজের শুরুতে পরিকল্পনা করে শুরু করা একটা ভালো অভ্যাস। এতে সবাই সবার দায়িত্ব সম্পর্কে অবহিত থাকেন। একই সঙ্গে কাজ সম্পাদনের ক্ষেত্রে সময় ও শ্রম কমে যায়। সঠিক পরিকল্পনার মাধ্যমে সময়ের উপযুক্ত ব্যবহার ও কাজের মান উভয় নিশ্চিত করা সম্ভব হয়।
কমিউনিকেশন
সব সদস্যকে সমানভাবে বোঝা যেমন দরকার, ঠিক তেমনি সদস্যদের সঙ্গে কথা বলা ও তাদের অবস্থান সম্পর্কে জানাও জরুরি। কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি নিজের দিক থেকে না ভেবে সমষ্টিগতভাবে চিন্তা করি, তাহলে আমাদের দলগত কাজে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়াও কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকা উচিত। কাজের সময় বন্ধুত্বের কথা ভেবে কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। এতে দলের কাজে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
সহমর্মিতা
দলগত কাজে সব সময় পরিকল্পনা অনুযায়ী সব কাজ হবে, তা নয়। কোনো কোনো কাজের মান খারাপও হতে পারে। এমনকি সবকিছু সঠিকভাবে করলেও কাজের ফলাফল প্রত্যাশিত না-ও হতে পারে। এ ক্ষেত্রে দলের সদস্যদের উচিত, কাউকে দোষারোপ না করে, একে অপরের প্রতি সহমর্মিতা জানানো। এতে করে দলের ভবিষ্যতের কাজগুলো করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে আরও উন্নত বোঝাপড়া তৈরি হবে।
ভুল থেকে শিক্ষা নেওয়া
দলগত কাজ ভালো হোক বা খারাপ হোক, এই কাজ থেকে শিক্ষা নিতে হবে। কোন দিক ভালো হয়েছে, কোন দিক খারাপ হয়েছে—তা দেখতে হবে ও তা কীভাবে ভবিষ্যতে আরও উন্নতি করা যায়, সেটা নিয়ে কাজ করতে হবে। এভাবে বারবার দলের অবস্থা পর্যালোচনা করা হলে দলগত কাজ করা সহজ হবে। এটা ভালো ফলাফল প্রাপ্তির ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে।
চিন্তার পরিবর্তন
যেহেতু এটি একটি দলগত কাজ, তাই চিন্তার ক্ষেত্রে শুধু নিজের কথা ভাবলেই হবে না। কীভাবে দলের জন্য সব দিক থেকে কাজটি সঠিকভাবে ও কম সময়ে করা যায়, তা দেখতে হবে। দলগত ভাবনা থেকে কাজ শুরু করলে সহজেই যেকোনো কাজ ভালোভাবে ও কম সময়ে দক্ষতার সঙ্গে সম্পাদন করা সম্ভব।