হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, তিনজনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

গত পাঁচ দিনে পঞ্চমবারের মতো দেশটিতে এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। ছবি: এক্স

আবারও প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক বহনকারী দাবি করে চালানো এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে এএফপির প্রতিবেদনে জানা গেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পঞ্চমবারের মতো দেশটিতে এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের’ মাধ্যমে পরিচালিত একটি নৌকায় তারা ‘প্রাণঘাতী গতিশীল হামলা’ (লিথাল কাইনেটিক স্ট্রাইক) চালিয়েছে। তবে ‘সন্ত্রাসী’ গোষ্ঠীটির নাম প্রকাশ করেনি তারা।

পোস্টে আরও বলা হয়, ‘এই অভিযানে তিনজন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন।’ সবশেষ এই হামলার পর নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৭৭ জনে দাঁড়িয়েছে।

গত সোমবার মার্কিন সামরিক বাহিনী জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে দুটি নৌকা উড়িয়ে দেওয়া হয়েছে। এতে মোট পাঁচজন নিহত হন এবং একজন জীবিত উদ্ধার হন। এরপর মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী জানায়, তারা একই এলাকায় আরও চারজনকে হত্যা করেছে।

ট্রাম্প প্রশাসন জোর দিয়ে বলছে, লাতিন আমেরিকায় সক্রিয় তথাকথিত ‘মাদক সন্ত্রাসীদের’ বিরুদ্ধে তারা কার্যত যুদ্ধে লিপ্ত। তবে যেসব নৌকাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, সেগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত কি না এ বিষয়ে কোনো অকাট্য প্রমাণ তারা দিতে পারেনি। ফলে এসব অভিযানের বৈধতা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই হামলাগুলো সম্ভবত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। কারণ, আপাতদৃষ্টে এমন সব বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিলেন না।

গত জানুয়ারিতে ক্যারিবীয় সাগরে একটি ছোট নৌকায় হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেন আইনজীবীরা। গত অক্টোবরের ওই হামলায় ত্রিনিদাদের একটি গ্রামের দুই ব্যক্তি নিহত হন। নিহতদের পরিবারের পক্ষে করা ওই মামলায় বলা হয়, ‘পরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে করা এসব হত্যাকাণ্ডের পেছনে যুক্তিসংগত কোনো আইনি ভিত্তি নেই।’

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) গত ডিসেম্বরে বলেছে, ‘যাদের হত্যা করা হয়েছে, তাদের পরিচয় নিয়ে প্রশাসন ভিত্তিহীন ও আতঙ্ক সৃষ্টিকারী দাবি করে যাচ্ছে। অথচ তদন্তে দেখা গেছে, নিহতদের মধ্যে কেউ কেউ ছিলেন সাধারণ জেলে, যারা স্রেফ পরিবারের ভরণপোষণের চেষ্টা করছিলেন।’

গত মাসে ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি জোয়াকিন কাস্ত্রো এবং সারা জ্যাকবস ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটসের কাছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছেন। সেখানে তাঁরা উল্লেখ করেন, নিহতদের অধিকাংশেরই নাম ও জাতীয়তা এখনো অজানা রয়ে গেছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ব্যস্ত থাকলেও লাতিন আমেরিকায় নৌকায় হামলার এই হামলার ধারা অব্যাহত রয়েছে।

সিনেমায় গ্যাংস্টারের সংলাপকে প্রার্থনাসভায় বাইবেলের শ্লোক বলে চালিয়ে দিলেন হেগসেথ

ইরানে অস্ত্র না পাঠানোর আশ্বাস দিয়েছে চীন: হেগসেথ

‘পারমাণবিক ধুলো’ ফেরত দিতে সম্মত ইরান: ট্রাম্প

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব ডেমোক্র্যাটদের

ট্রাম্পের ডিপফেক মিমগুলো স্রেফ তামাশা নাকি সূক্ষ্ম রাজনৈতিক কৌশল

চুক্তিতে রাজি না হলে আমরা আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত: হেগসেথ

যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সরাসরি বৈঠক, গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আলোচনা

৩৪ বছর পর সরাসরি আলোচনায় বসছেন লেবানন ও ইসরায়েলের নেতারা: ট্রাম্প

ট্রাম্পকে ভোট দিয়ে বিপাকে আরব-আমেরিকানরা