হোম > অপরাধ > রাজশাহী

চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ 

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ থেকে ঢাকায় চোখের চিকিৎসা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন এচাহাক আলী (৪৪) নামের এক ব্যক্তি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। হন্যে হয়ে খুঁজছে স্ত্রী-সন্তানেরা। 
 
জানা যায়, গত ২৪ জুন নওগাঁ সদর উপজেলার নগর কুসুম্বী এলাকায় শ্বশুরবাড়ি থেকে রাতে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। এরপর তাঁকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এচাহাক আলী আদমদীঘি থানার করজবাড়ি গ্রামের মৃত হাকিম আলীর ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন কারণে এচাহাক পৈতৃক বাড়ি আদমদীঘিতে না থেকে শ্বশুর বাড়ি নওগাঁর নগরকুসুম্বী গ্রামে থাকতেন। তিনি অটো রিকশা চালক ছিলেন।

গত ২৪ জুন রাত ৮টার দিকে চোখের চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারে সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দুই মাস পার হলেও এখন পর্যন্ত তাঁর খোঁজ পাচ্ছে না পরিবার। 

এচাহাকের ছোট ছেলে রাব্বী নুর আমিন জানান, দুই মাস হলো ব্যবহৃত ফোনটা বন্ধ রয়েছে। আত্মীয়স্বজনের বাসায় খোঁজা শেষ। এখন পর্যন্ত বাবাকে খুঁজে পাচ্ছি না। যোগাযোগ করতে পারছি না।

নিখোঁজ এচাহাকের স্ত্রী লাইলী বেগম কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, চোখের ডাক্তার দেখাবে বলে ভালো ভাবেই বিদায় নিয়ে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে নওগাঁ শহরে যান তিনি। সেখান থেকে সব শেষ মাইক্রোবাসে ঢাকা যাওয়ার কথা আমাকে মোবাইলে জানিয়েছেন। ওই রাতের পর থেকে আর যোগাযোগ হয়নি। অনেক খুঁজেছি কোথাও পাচ্ছি না।   প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, নিখোঁজের কিছুদিন পর গত ১০ জুলাই এচাহাকের ছেলে রাব্বী নুর আমিন থানায় একটি সাধারণ মানুষের ডায়েরি করেছেন। পুলিশ নিখোঁজ এচাহাককে খুঁজে বের করার চেষ্টা করছে।