হোম > সারা দেশ > ঢাকা

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৯

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গভীর রাতে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গভীর রাতে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটির লতিফ ছাত্রাবাসের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ছাত্রদলের এক নেতাকে চাকু দিয়ে আঘাত করলে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রদল-ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। তাঁদের নাম-পরিচয়ও জানা যায়নি।

‎ছাত্রদল ও ছাত্রশিবির এই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে। ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবিরের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। তাঁদের এক কর্মীকে চাকু দিয়ে আঘাত করেন শিবিরের নেতা-কর্মীরা।

অন্যদিকে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁদের কর্মীদের ওপর আগে হামলা করা হলে আত্মরক্ষার্থে তাঁরা প্রতিরোধ গড়ে তোলেন।‎

‎ঘটনার পরপরই ক্যাম্পাস প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন। প্রায় দুই ঘণ্টা চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়। রাত পৌনে ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করা হয়েছে।‎

‎এ বিষয়ে মঙ্গলবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মো. বাদল গোমস্তা আজকের পত্রিকাকে বলেন, রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হন। এর মধ্যে একজন গুরুতর আহত হন। রাত পৌনে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা তিনি।‎

‎এদিকে এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

মন ভালো করা সম্প্রীতির ছবি

পদ-পজিশন বিবেচনায় সম্পর্ক তৈরি করলে তা স্থায়ী হয় না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীতে কিশোরী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

সাবেক এএসপি জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি কণ্ঠশিল্পী আসিফ আকবরের, রায় ৯ মার্চ

অর্থ আত্মসাৎ: বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, জাল ভিসা চক্রের চার সদস্য ‎গ্রেপ্তার

মশা নিধনে দিনে তিনবার ওষুধ দেবে ডিএনসিসি

রমজানে মেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া