হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ

ক্রীড়া ডেস্ক    

নিরাপত্তা ইস্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: এএফপি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এক কর্মকর্তার মতে, পাকিস্তানের প্ররোচনায় এমনটি হয়েছে।

উপমহাদেশে যে ক্রিকেটই মুখ্য রাজনৈতিক হাতিয়ার, বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় তা আরও স্পষ্ট হয়েছে। বাংলাদেশ-ভারত শীতল রাজনৈতিক সম্পর্কের বলি হওয়ায় লিটন দাস-মোস্তাফিজুর রহমান-তানজিদ হাসান তামিমরা খেলতে পারেননি আইসিসির এই ইভেন্ট। পরে বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তান সরকার নিয়েছিল। কিন্তু লাহোরে বিসিবি-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ত্রিপক্ষীয় বৈঠকের পর ইউটার্ন নেয় পাকিস্তান। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মধ্যস্থতায় হলো ভারত-পাকিস্তান ম্যাচ, তাঁর নাম উচ্চারণ করলেন না পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সব কৃতিত্ব শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকেকে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

ভারতের স্থানীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না পারার ঘটনা নিয়ে বিস্তারিত বলেছেন। ভারতে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি, তাতে কি পাকিস্তানের ইন্ধন রয়েছে—এই প্রশ্নের উত্তরে আশরাফুল বলেন, ‘হতে পারে (পাকিস্তানের ইন্ধন)। যদিও এখানে আমি রাজনীতি টেনে আনছি না। ক্রিকেট প্রশাসক হিসেবে আমি সততা ও দায়িত্ববোধের দিকে বেশি নজর দিই। আমার মনে হয় আমিনুল ইসলাম বুলবুল সম্ভবত মহসিন নাকভির দ্বারা প্ররোচিত হয়েছেন। দিন শেষে কে জিতেছে?’

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সূত্রপাত মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করেই। ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পরদিনই (৪ জানুয়ারি) বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। শ্রীলঙ্কায় লিটনদের ম্যাচ স্থানান্তর করতে আইসিসিকে বিসিবি অনেক অনুরোধ করেছিল। কিন্তু যার যার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি নতুন করে টুর্নামেন্টের সূচি তৈরি করেছে।

নিরাপত্তাজনিত কারণেই মূলত বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। আশরাফুল বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি বাংলাদেশের তৎকালীন সরকার বিশেষ করে ক্রীড়া উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ছিল অপরিপক্ব। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর হঠাৎ এত বড় সিদ্ধান্ত (ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া)। আমাদের হাতে বিসিসিআইয়ের সঙ্গে দেনদরবার করার যথেষ্ট সুযোগ ছিল। ভারতীয় সরকারের সঙ্গেও কথা বলতে পারতাম। আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে ও নিরাপত্তা দিয়ে থাকে। যদি আমাদের দুশ্চিন্তার জায়গা থাকত, তাহলে খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারে সরকার অনুরোধ করতে পারত।’

বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে। বাংলাদেশের পাওনা টাকা দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের লাভের ভাগও দেবে আইসিসি। আর যে আশরাফুল বাংলাদেশের এবার বিশ্বকাপ না খেলা নিয়ে এত কথা বলেছেন, তিনি আগে এসিসির প্রধান নির্বাহীর দায়িত্বেও ছিলেন।

সুপার এইটেই বাদ পড়বে ভারত, মনে করেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি