হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঙালির চিরায়ত আচার ও আলপনার রঙে রঙিন বৈশাখী আয়োজন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

বাঙালির চিরায়ত সংগীত, সুরের মূর্ছনা, আলপনার রং, আবৃত্তি, বর্ণাঢ্য শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম। বৈশাখের বর্ণিল আয়োজন...নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে ছড়িয়ে দিয়েছে উৎসবের আমেজ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এ শোভাযাত্রা শুরু হয় নগরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে। পরে এটি কাজীর দেউড়ি ও লাভ লেন মোড় হয়ে ডিসি হিলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৈশাখের ঐতিহ্য তুলে ধরতে অংশগ্রহণকারীদের হাতে ছিল গ্রামীণ জীবনের প্রতীকী উপকরণ, মুখোশ ও বর্ণিল ব্যানার। অংশগ্রহণকারীদের মধ্যে বৈশাখী উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলোকে ঘিরে নানা সাংস্কৃতিক সংগঠনের আয়োজন শহরজুড়ে সৃষ্টি করেছে উচ্ছ্বাস, যেখানে মিলছে সংস্কৃতি, ইতিহাস আর বাঙালিয়ানার অপূর্ব মেলবন্ধন।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি হিল প্রাঙ্গণে দিনব্যাপী বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

এ ছাড়া, জেলা শিল্পকলা একাডেমিতে নববর্ষ বরণ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে।

পয়লা বৈশাখ উপলক্ষে নগরের ঐতিহাসিক সিআরবি শিরীষতলায় বর্ষবরণ অনুষ্ঠান নববর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সকালে শুরু হয়েছে। এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রেলওয়ে অফিসার্স ক্লাব।

অন্যদিকে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে নন্দনকানন কাটাপাহাড় লেন এলাকায় সকাল ৮টা থেকে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।

তথ্যমতে, ১৯৭৩ সালে চট্টগ্রামে প্রথম নববর্ষ উদ্‌যাপনের সূচনা করেছিল উদীচী।

এ ছাড়া আবৃত্তি ও সংগীতকে ঘিরেও রয়েছে নানা আয়োজন। বোধনের আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে জে এম সেন হল প্রাঙ্গণে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’। একই সঙ্গে কাজীর দেউড়িতে সিজেকেএস মুক্ত মঞ্চে (আউটার স্টেডিয়াম) অনুষ্ঠানের আয়োজন করেছে নরেন আবৃত্তি একাডেমি।

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম ৩১ চৈত্র রাতে বৌদ্ধমন্দির সড়কে ‘আলপনার রঙে নববর্ষ আবাহন’এবং পয়লা বৈশাখে চট্টগ্রাম মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন চলছে।

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

চবি শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু চবির পয়লা বৈশাখ উদ্‌যাপন

দুদকের মামলায় দম্পতির কারাদণ্ড, স্বামী পলাতক স্ত্রী কারাগারে

যৌথ অভিযানে সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ১৮ কেজি গাজা উদ্ধার, আটক ২

নতুন বছরকে বরণ করতে বর্ণিল রূপে সাজছে চবি ক্যাম্পাস

নগরীতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণ করা হবে: চসিক মেয়র

সীতাকুণ্ডে ১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

চট্টগ্রামে পণ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন