হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

চীন-আসিয়ান বাণিজ্য ছাড়িয়েছে এক লাখ কোটি ডলার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সিনহুয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য গত এক বছরে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরেও এই গতি বজায় আছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং আজ মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন।

সিসিটিভি ও সিএমজির খবরে জানা যায়, ইয়ান তোং বলেন, ‘২০২৫ সালে চীন ও আসিয়ানের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রথমবারের মতো ১ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে টানা ১৭ বছরের মতো আসিয়ানের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রাখল চীন। আসিয়ানও টানা ৬ বছরের মতো চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে রয়েছে।’

চলতি বছরের প্রথম সাত মাসে চীন ও আসিয়ানের মোট বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৭৪৪ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ বেশি। ফলে চীনের সার্বিক বৈদেশিক বাণিজ্যে আসিয়ান ব্লকের অবদান বেড়ে ২১ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে।

এদিকে, অর্থনীতিকে আরও গতিশীল করতে নতুন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে চীন। এ উদ্দেশে, ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পণ্য ক্রয় বাড়াতে ২০টি পদক্ষেপ ঘোষণা করেছে চীন। গত সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ সাতটি সরকারি বিভাগ এ সংক্রান্ত বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করে।

নির্দেশিকায় গাড়ি কেনাবেচা ও ব্যবহারে অযৌক্তিক বিধিনিষেধ দূর করা, পুরোনো গাড়ির বাজার ব্যবস্থাপনা মানসম্মত করা, ব্যবহৃত গৃহস্থালি পণ্য পুনর্ব্যবহার এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দৈনন্দিন পণ্যভোগ বাড়াতে খাদ্য, পানীয়, বস্ত্র ও পোশাকের সরবরাহ উন্নয়ন, কৃষিপণ্য উৎপাদন ও বাজারের মধ্যে সংযোগ জোরদার এবং সাংস্কৃতিক ও ক্রীড়া পণ্যের সরবরাহ বাড়ানোর কথাও বলা হয়েছে।