হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

শান্তিচুক্তির সম্ভাবনায় আরও কমল তেলের দাম, চাঙা বিশ্ববাজার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত নিরসনের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।

আজ শুক্রবার বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৪ ডলারে নেমে আসে। মে মাসের শুরু থেকে এ পর্যন্ত ব্রেন্টের দাম প্রায় ১৭ শতাংশ কমেছে, যা সাম্প্রতিক সময়ের বড় পতনের একটি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৪ ডলারে। সপ্তাহের শুরুতে এর দাম ৯৪ দশমিক ৭০ ডলার পর্যন্ত উঠেছিল।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাজারে এই ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইরান যুদ্ধ নিয়ে একটি শান্তিচুক্তির খসড়া মিত্র দেশগুলোর কাছে পাঠানোর পর।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তবে ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে এতে সম্মতি দেননি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, এখনো চূড়ান্ত না হলেও চুক্তি খুব কাছাকাছি রয়েছে।

গত ৯০ দিন ধরে চলা ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়। ফলে জ্বালানি বাজারে চাপ তৈরি হয় এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ে।

বর্তমান পরিস্থিতি নিয়ে ডয়চে ব্যাংকের বিশ্লেষক হেনরি অ্যালেন বলেছেন, বাজারে সংঘাত শেষ হওয়ার বিষয়ে আশাবাদ বাড়ছে। তেলের দাম কমায় বৈশ্বিক অর্থনীতিতে স্থবিরতা ও মূল্যস্ফীতির ঝুঁকিও কিছুটা কমেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

এদিকে এশিয়ার শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই সূচক ২ দশমিক ৫ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কসপি ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

ভারতীয় আম আমদানি নিষিদ্ধ করল জাপান, লোকসানের মুখে চাষিরা

ইরানের পাল্টা হামলার পর বেড়েছে তেলের দাম

পেঁয়াজের কেজি ১৫ রুপি, দাম বেঁধে দিল ভারত সরকার

ভারতে ৩ কোটি ব্যারেল তেল রাখবে আরব আমিরাত, অবকাঠামোতে বিনিয়োগ করবে ৫ বিলিয়ন ডলার

ট্রাম্পের সফরে ২০০ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি চীনের, তবু কেন বোয়িংয়ের শেয়ারে দরপতন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়

তেলের দাম ব্যারেলপ্রতি বাড়ল আরও ৪ ডলার

ইরান যুদ্ধের মধ্যেও ৩ মাসে সৌদি আরামকোর মুনাফা ৩৩.৬ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধ থেকে বিপুল মুনাফা করছে যেসব ব্যাংক ও কোম্পানি

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ইঙ্গিত: কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার