হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

ইসরায়েলে ইরানের হামলার পর আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। ইসরায়েলে গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটল। মূলত ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে এবং এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে—এই আশঙ্কা থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার অপরিশোধিত ব্রেন্ট জ্বালানি তেলের দাম দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। তবে সামগ্রিকভাবে গতকাল মঙ্গলবার লেনদেন চলাকালে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। 

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে দেশটির অবস্থান তৃতীয়। ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রভাব পড়বে। 

ওমান ও ইরানের মধ্যে জাহাজ চলাচলের যে পথটি আছে, সেটি বিশ্বের তেল বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশ্বে তেল সরবরাহের ২০ শতাংশই এ পথে হয়। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকও তাদের তেল রপ্তানির একটা বড় ভাগই হরমুজ প্রণালি দিয়ে করে থাকে। 

এর আগে, গত সোমবারও গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১১ মিনিট পর্যন্ত আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত ব্রেন্ট ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেলপ্রতি বেড়েছিল ১ দশমিক ১২ ডলার। সেই হিসাবে দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছিল ৭৩ দশমিক ১০ ডলার। 

প্রতিবেদন অনুসারে, এ ছাড়া ডিসেম্বরে ডেলিভারি দেওয়া যেসব অপরিশোধিত ব্রেন্টের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। এর বাইরে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ১১ ডলার হয়। 

এর আগে, গত শুক্রবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গত সপ্তাহজুড়ে তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ শতাংশের মতো এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৫ শতাংশের মতো। মূলত, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের চাহিদাসংক্রান্ত উদ্বেগের কারণেই এর দাম কমেছে। যদিও চীন নিজের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবু তা বিক্রেতাদের আস্থায় আনতে পারেনি। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। 

এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এরপর ইসরায়েলে ইরানি হামলার খবর পাওয়া যায়।

১ লাখ কর্মী ছাঁটাই করবে ফক্সওয়াগন, বন্ধের মুখে ৪ কারখানা

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ফের বাড়ল ৪ শতাংশের বেশি

ইরানের সঙ্গে সমঝোতা শেষ—ট্রাম্পের ঘোষণার পরই বাড়ল তেলের দাম

ইরানে মার্কিন হামলার পর আরও ৩ শতাংশ বাড়ল তেলের দাম

১৯৭৯-এর তেলসংকট ছিল বর্তমান ইরান সংকটের চেয়েও ভয়াবহ

ব্রিটিশদের নজর তিরুপ্পুরের পোশাকশিল্পে, ঝুঁকছেন কিছু বাংলাদেশি ক্রেতাও

যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন, তবু কমছে দাম

ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর

ওপেক ত্যাগের কথা ভাবছে ইরাক

তেলের দাম না কমিয়ে ‘গ্রাহক ঠকাচ্ছে’ এক্সন মবিল ও শেভরন, তদন্তের নির্দেশ ট্রাম্পের