হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

তেলের যুগ পেরিয়ে বিশ্ব এখন ‘বিদ্যুতের যুগে’ প্রবেশ করেছে: আইইএর প্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

সিরিয়ার দামেস্কে বৈদ্যুতিক গাড়ি চার্জ করছেন এক ব্যক্তি। ছবি: এএফপি

বিশ্ব কয়লা, তেল ও গ্যাস-নির্ভর জ্বালানির যুগ পেরিয়ে এখন দৃঢ়ভাবে ‘বিদ্যুতের যুগে’ প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল। তাঁর মতে, আগামী এক দশকে বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গত এক দশকের তুলনায় দ্বিগুণের বেশি বাড়বে। জীবাশ্ম জ্বালানির দামের অস্থিরতা ও সরবরাহে বিঘ্নের ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বিভিন্ন দেশ দ্রুত বিদ্যুতায়নের দিকে ঝুঁকছে।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফাতিহ বিরল।

আইইএর প্রধান জানান, গত ১০ বছরে বিশ্বে প্রায় পাঁচ হাজার গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হয়েছে। আগামী ১০ বছরে তা আরও প্রায় ১২ হাজার গিগাওয়াট বাড়তে পারে। এটি বর্তমান প্রবৃদ্ধির তুলনায় অত্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি।

বিরলের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সেন্টারের বিস্তার, পরিবহন খাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা বৃদ্ধি—এই তিন বিষয় বিদ্যুতের ব্যবহার বাড়ানোর প্রধান চালিকাশক্তি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এয়ার কন্ডিশনারের ক্রমবর্ধমান ব্যবহার।

আইইএর তথ্য অনুযায়ী, চীনের বাইরে গত ৯ মাসে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৬০ শতাংশ। পাঁচ বছর আগেও বিশ্বে বিক্রি হওয়া গাড়ির মাত্র ৫ শতাংশ ছিল বৈদ্যুতিক। চলতি বছর বিক্রি হওয়া মোট গাড়ির প্রায় এক-তৃতীয়াংশ বৈদ্যুতিক হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রাকের ব্যবহারও বাড়ছে।

এদিকে, কপ৩১ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে সরবরাহের একটি প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। ১৮৫টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন। প্রস্তাবটি গৃহীত হলে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই প্রস্তাবে সৌদি আরব, রাশিয়াসহ কয়েকটি দেশের বিরোধিতার আশঙ্কা রয়েছে। সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণে ঐকমত্য প্রয়োজন হওয়ায় অল্প কয়েকটি দেশও প্রস্তাব আটকে দিতে পারে।

বর্তমানে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় এক-চতুর্থাংশ বিদ্যুৎ দিয়ে পূরণ হয়। অবশিষ্ট তিন-চতুর্থাংশের বড় অংশ আসে জীবাশ্ম জ্বালানি থেকে। তবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়তে থাকায় পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।

বিরল বলেন, বিদ্যুতায়ন জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক প্রতিযোগিতা ও জলবায়ু সুরক্ষার জন্য ইতিবাচক। বিশেষ করে, দেশীয় নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ালে আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমবে।

যুক্তরাজ্যে বিদ্যুতের উচ্চমূল্যের জন্যও গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকে দায়ী করেন বিরল। তাঁর মতে, গ্যাস আমদানি বাড়ানো নয়, বরং দেশে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই এর কার্যকর সমাধান।

বিরল আরও বলেন, বিশ্বে মোট জ্বালানির চাহিদা বাড়লেও বিদ্যুতের চাহিদা বাড়ছে তার তিন গুণ গতিতে। এই পরিবর্তন ঠেকানো সম্ভব নয়। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী করা। বিদ্যুতায়নের এই রূপান্তর সফল হলে বিশ্ব আরও নিরাপদ, সাশ্রয়ী ও বাসযোগ্য হয়ে উঠবে।