হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া বসের প্রেম—শেয়ারে বড় দরপতন

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৪ সালে প্রকাশিত একটি ছবিতে তাইওয়ানের তাইপেইতে এনভিডিয়া-এর সিইও জেনসেন হুয়াংকে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

চীনের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তদন্ত শুরু করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। এই ঘটনায় কোম্পানিটিতে তাঁর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। সোমবার (৯ নভেম্বর) ফ্রাঙ্কফুর্টের বাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৬ শতাংশের বেশি কমেছে।

রোববার এনভিডিয়া জানায়, প্রতিষ্ঠানটির সিইও কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত চলছে। এর আগে নিউইয়র্ক টাইমসে খবর প্রকাশিত হয়, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অ্যালিসের বিরুদ্ধে বেইজিংয়ের কাছে তথ্য পাচারের অভিযোগ রয়েছে। মার্কিন কর্তৃপক্ষও তাঁকে চীনা গোয়েন্দা সংস্থার চর হিসেবে সন্দেহ করে তদন্ত করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে তদন্তের বিষয়ে কর্মীদের সঙ্গে কথা বলার সময় জেনসেন হুয়াং স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। তবে বিবাহ বহির্ভূত সম্পর্কটির বিস্তারিত কিছু জানাননি।

এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা প্রতিষ্ঠান। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উত্থানে কোম্পানিটির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে জেনসেন হুয়াংকেও শিল্প খাতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে এশিয়ায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। চামড়ার জ্যাকেট পরার জন্য পরিচিত এই প্রযুক্তি উদ্যোক্তা প্রায়ই ভক্তদের সঙ্গে ছবি তোলেন ও অটোগ্রাফ দেন।

সোমবারের দরপতনে গত শুক্রবারের সমাপনী দরের তুলনায় এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, তথ্যকেন্দ্র নির্মাণ ও এআই খাতে বিনিয়োগ নিয়ে যখন নানা অনিশ্চয়তা রয়েছে, তখন এ ধরনের ঘটনা শেয়ারের জন্য মোটেও ইতিবাচক নয়। তবে জেনসেনকে সরিয়ে দেওয়া হবে বলে তিনি মনে করেন না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, চীনা গুপ্তচরবৃত্তির যে বয়ান তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, অপবাদ ও মানহানির চেষ্টা।

এদিকে জেনসেনের মেয়ে এবং এনভিডিয়ার নির্বাহী ম্যাডিসন হুয়াং দক্ষিণ কোরিয়া সফর বাতিল করেছেন। সোমবার সিউলে এনভিডিয়ার একটি সম্মেলন শুরুর কথা থাকলেও নির্ধারিত কয়েকটি বৈঠক বাতিল করা হয়েছে। তবে দুই দিনের এনভিডিয়া এআই ডে সিউল সম্মেলন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে।

এ ঘটনায় প্রযুক্তি খাতের অন্য প্রতিষ্ঠানগুলোর ওপরও সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, তদন্ত দীর্ঘায়িত হলে এনভিডিয়ার বিনিয়োগ সিদ্ধান্ত ও নতুন পণ্য বাজারজাতকরণে বিলম্ব হতে পারে। এতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে।

তবে এনভিডিয়ার চিপের বিকল্প সহজে পাওয়া যাবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। দক্ষিণ কোরিয়ার উপবিজ্ঞানমন্ত্রীও জানিয়েছেন, চলমান পরিস্থিতির মধ্যেও এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) সরবরাহে চুক্তি অনুযায়ী কোনো বিঘ্ন ঘটবে না বলে সরকার আশা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযোগ নিয়ে তিনি জেনসেনের সঙ্গে কথা বলেননি। তবে তাঁকে একজন সম্মানিত মানুষ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন সবকিছু ঠিক আছে। এনভিডিয়ার জন্য জেনসেনের অবদানেরও প্রশংসা করেন তিনি।

দীর্ঘ মেয়াদে বাড়বে এলএনজির চাহিদা—বলছে ‘অ্যাডনক গ্যাস’

জ্বালানিসংকটে মানুষের ভোগান্তি, মার্কিন কোম্পানিগুলোর মুনাফা ১৩ হাজার কোটি ডলার

এআই খাতের চাহিদায় ভাটা, কমছে এশিয়ায় চিপ উৎপাদন

ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম

পোশাক রপ্তানি বেড়েছে, পিছিয়ে উচ্চমূল্যের পণ্য

এআইতে বদলে যাচ্ছে চীনের কৃত্রিম হীরার বাজার

বিশ্বজুড়ে ডিজেলের সংকটের দ্রুত সমাধান নেই

হুতিদের হামলার পর তেলের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র

ভারতের অর্থনীতিতে আস্থার সংকট: শেয়ারবাজার থেকে চার দিনে উধাও ৪ লাখ কোটি রুপি