স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পরিবারের ঘনিষ্ঠজনদের স্মৃতিকথা ও অনুভূতি নিয়ে সংকলিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
স্মরণ অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে স্যামসন এইচ. চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘Samson: Through a Son’s Lens’-এর একটি সংক্ষিপ্ত অংশও প্রদর্শন করা হয়।
স্যামসন এইচ. চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগ ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, পোশাকশ্রমিকদের জন্য বিনা মূল্যে চক্ষু শিবির, কলসিন্দুরের নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প উল্লেখযোগ্য।