হোম > অর্থনীতি

পাম্পে অকটেন ২০, পেট্রল ও ডিজেল ১০ শতাংশ সরবরাহ বাড়ানোর নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বাড়ানোর একদিন পর সরবরাহ সর্বোচ্চ ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী—অকটেনের সরবরাহ ২০ শতাংশ, পেট্রল ও ডিজেল ১০ শতাংশ করে বাড়ানো হবে। বাজারের অস্বাভাবিক চাহিদার চাপ সামাল দিতে আজ রোববার বিতরণ কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার বর্ধিত কোটা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। অথচ সরবরাহ এত দিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসাবে । ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের সহায়তায় পাম্পভিত্তিক নতুন বরাদ্দ নির্ধারণ করা হচ্ছে, যাতে প্রকৃত চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা যায়।

দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই ডিজেল। চলতি এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন। বর্তমানে কার্যকর মজুত রয়েছে প্রায় ১ লাখ ২ হাজার টন। এর সঙ্গে আরও চারটি জাহাজে ১ লাখ টনের বেশি ডিজেল যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আলাদা করে প্রায় ৮০ হাজার টন মজুত রাখা আছে। সরবরাহ সীমিত থাকায় এ মাসে দৈনিক গড় বিক্রি কমে ১১ হাজার ১০৭ টনে নেমে এলেও সোমবার থেকে তা বাড়িয়ে প্রায় ১৩ হাজার টনে উন্নীত করা হচ্ছে। গত বছরের একই সময়ে দৈনিক গড় বিক্রি ছিল ১১ হাজার ৮৬২ টন।

অকটেনের ক্ষেত্রে সরাসরি ঘাটতি না থাকলেও চাহিদার চাপ বেশি। বর্তমানে দেশে প্রায় ২৯ হাজার ৪৮৪ টন অকটেন মজুত রয়েছে, যা প্রায় ২৫ দিনের চাহিদা পূরণে সক্ষম। তবুও ভোক্তা পর্যায়ে চাপ কমাতে দৈনিক সরবরাহ ১ হাজার ১২৯ টন থেকে বাড়িয়ে প্রায় ১ হাজার ৩৬৬ টনে নেওয়া হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত ২৩৭ টন যোগ করা হচ্ছে। গত বছরের এপ্রিলে দৈনিক গড় বিক্রি ছিল ১ হাজার ১৮৫ টন।

পেট্রলের ক্ষেত্রেও সরবরাহ বাড়ানো হচ্ছে। বর্তমানে মজুত রয়েছে প্রায় ১৮ হাজার ৮৩০ টন। এপ্রিলে দৈনিক গড়ে ১ হাজার ২৫৩ টন বিক্রি হলেও এতে আরও ১৩৭ টন যুক্ত করা হচ্ছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৩৭৪ টন।

জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্বাভাবিকভাবে বছরে চাহিদা ৪ থেকে ৫ শতাংশ বাড়ে। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি ও আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটার কারণে এবার চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে। তাই বাস্তব চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়িয়ে বাজার স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জ্বালানির জ্বালা ঘরে-বাইরে

ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের ফেলোশিপ: তরুণ উদ্যোক্তাদের পাশে ব্র্যাক

মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়—সংসদে প্রশ্ন হাসনাতের

তামাকে কর বাড়ানোর তাগিদ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর আয়োজন নকশী কাঁথার মাঠ

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ফুডি

সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

১০ রুপির পানীয়, নাম পাকিস্তানি: ভারতে যেভাবে গড়ে উঠল ২৮০০ কোটির ব্র্যান্ড