হোম > অর্থনীতি

প্রাক্-বাজেট আলোচনা

শিল্প খাতজুড়ে করের চাপ কমানোর দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে শিল্প খাতজুড়ে করের চাপ কমানোর জোর দাবি উঠেছে। ইস্পাত, লিফট-এস্কেলেটর, টেলিকমসহ ১৮টি শিল্প খাতের ব্যবসায়ীরা বলছেন, বর্তমান করকাঠামো ও ব্যয় চাপ অব্যাহত থাকলে তাঁদের ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই প্রাক্‌-বাজেট সংলাপে এসব খাতের পক্ষ থেকে কর হ্রাস, শুল্ক পুনর্বিন্যাস এবং নীতিগত সহায়তার প্রস্তাব তুলে ধরা হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত এই সংলাপে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) সবচেয়ে জোরালোভাবে কর কমানোর দাবি জানিয়েছে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, ডলার-সংকট, জ্বালানি ব্যয় বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি এবং বৈশ্বিক অস্থিরতার কারণে স্টিলশিল্প দীর্ঘদিন ধরে চাপে রয়েছে। গত সাত বছরে প্রতি ৯০ হাজার টাকা বিক্রির বিপরীতে কর-পরবর্তী নিট মুনাফা নেমে এসেছে মাত্র ৬৭৯ টাকায়। অগ্রিম কর দিলে উল্টো ১ হাজার ৫২৪ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।

এ প্রেক্ষাপটে কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর টনপ্রতি ৬০০ টাকা থেকে ৫০০ টাকায় নামানো, রড বিক্রয়ে উৎসে কর ২ শতাংশ থেকে ১ শতাংশে নির্ধারণ এবং টার্নওভার ট্যাক্স ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি স্ক্র্যাপ আমদানিতে ভ্যাট ১৮০০ টাকা থেকে ৫০০ টাকায় নামানো এবং ফেরো অ্যালয়ের ওপর শুল্ক ও ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামানোর সুপারিশ করা হয়েছে।

লিফট খাতেও করকাঠামো পুনর্বিন্যাসের দাবি উঠেছে। বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) লিফটকে পুনরায় অত্যাবশ্যকীয় মূলধনি যন্ত্রপাতি হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে টেলিকম খাতে করের চাপ কমাতে একাধিক প্রস্তাব দিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। সংগঠনটি সিম ও ই-সিম সরবরাহ এবং প্রতিস্থাপনের ওপর আরোপিত ৩০০ টাকা ভ্যাট প্রত্যাহার এবং ওটিটি প্ল্যাটফর্মের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক বাতিলের দাবি জানিয়েছে। পাশাপাশি মোবাইল অপারেটরদের করপোরেট করহার তালিকাভুক্তদের জন্য ৪০ শতাংশ ও অতালিকাভুক্তদের জন্য ৪৫ শতাংশ—যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে।

মোবাইল ফোন খাতে অবৈধ আমদানি ঠেকাতে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নের দাবি জানিয়েছে, যাতে অনানুষ্ঠানিক বাজার নিয়ন্ত্রণে আনা যায়।

সংলাপে অংশ নেয় বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন, লুব্রিকেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাকুয়া প্রোডাক্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মোটর পার্টস অ্যান্ড টায়ার টিউব মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা।

দেশে কমল সোনা-রুপার দাম

আস্থার সংকটে বাংলাদেশ, কমছে বিদেশি বিনিয়োগ

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন

গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর স্কয়ার ফুড

নাইকি ও অ্যাডিডাসের ঘাড়ে নিশ্বাস ফেলছে চীনা স্পোর্টস ব্র্যান্ড

ট্রাস্ট ব্যাংক পিএলসির ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বার্ষিক উন্নয়ন কর্মসূচি: পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন খরচ

একই পণ্যে বহুস্তরের করব্যবস্থা চায় না বিটিএমএ

বিমানের নবগঠিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত