হোম > অর্থনীতি

আগুন লাগেনি, যান্ত্রিক ত্রুটির সংকেতে উড্ডয়নের আগেই বাতিল ইউএস-বাংলার ফ্লাইট

• রানওয়েতে ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি

• নিরাপদে নামানো হয়েছে সব যাত্রী

• বিকল্প উড়োজাহাজে জেদ্দা পাঠানোর প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-জেদ্দাগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে উড়োজাহাজটিতে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। উড্ডয়ন বাতিলের সময় রানওয়ে ও চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড্ডয়নের প্রস্তুতিকালে ককপিটে যন্ত্রের নির্দেশনায় অসংগতি (ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ) দেখা দিলে পাইলট ইন কমান্ড নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জিএম (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, উড্ডয়নের শেষ মুহূর্তে যাত্রা বাতিল করায় রানওয়ে ও উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।

বিজ্ঞপ্তিতে কামরুল ইসলাম বলেন, সব ধরনের নিরাপত্তাপ্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে যাত্রীদের দ্রুত ও নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের টার্মিনালে নেওয়া হয়েছে। সব যাত্রী নিরাপদে রয়েছেন।

কামরুল ইসলাম জানান, ফ্লাইটটির যাত্রীদের জেদ্দায় পৌঁছে দিতে ইউএস-বাংলার অন্য একটি উড়োজাহাজ প্রস্তুত করা হচ্ছে। সেটি দিয়েই কিছুক্ষণের মধ্যে যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করার পরিকল্পনা রয়েছে।

উড্ডয়নের আগে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার পর পাইলটের যাত্রা বাতিলের সিদ্ধান্তকে অ্যাভিয়েশনের স্বাভাবিক নিরাপত্তাপ্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি।