হোম > অর্থনীতি

জাপান–জার্মানিকে ছাড়িয়ে চীন এখন বিশ্বের শীর্ষ গাড়ি রপ্তানিকারক

গাড়ি রপ্তানিতে গত বছরই জার্মানিকে ছাড়িয়ে গেছে চীন। চলতি বছরের প্রথম প্রান্তিকেই (প্রথম তিন মাস) জাপানকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেল এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। 

গত সপ্তাহে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রথম প্রান্তিকে চীন ১০ লাখ ৭০ হাজার গাড়ি রপ্তানি করেছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় এই সংখ্যা ৫৮ শতাংশ বেশি। 

একই সময়ে জাপান গাড়ি রপ্তানি করেছে ৯ লাখ ৫৪ হাজার ১৮৫ ইউনিট। এটি দেশটির আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ৬ শতাংশ বেশি। 

মূলত বৈদ্যুতিক গাড়ির চাহিদা এবং রাশিয়ায় বিক্রি বেড়ে যাওয়ার কারণেই চীনের রপ্তানি বেড়েছে। গত বছর চীন জার্মানিকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি রপ্তানিকারকে পরিণত হয়েছে। 

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের হিসাব মতে, ২০২২ সালে জার্মানি গাড়ি রপ্তানি করেছে ২৬ লাখ ইউনিট। সেখানে চীন করেছে ৩২ লাখ। 

জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনতে উন্নত দেশগুলোতে নানা উদ্যোগ এবং জলবায়ু নিয়ে ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি চীনের গাড়ি শিল্পের উত্থানে ব্যাপকভাবে সহায়তা করছে। চীনের বৈদ্যুতিক গাড়িসহ নতুন জ্বালানির গাড়ির (এনইভি) রপ্তানি প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ৯০ শতাংশের বেশি বেড়েছে। 

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার চীনা অংশ এসএআইসি (SAIC)—এটি এমজি ব্র্যান্ডের মালিক—এবং প্রবীণ মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সমর্থনপুষ্ট বিওয়াইডি চীনের এনইভি রপ্তানিকারকদের মধ্যে শীর্ষে রয়েছে। 

ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার একটি বিশাল কারখানা রয়েছে সাংহাইতে। এই কারখানায় উৎপাদিত গাড়ি জাপান এবং ইউরোপে রপ্তানি হয়। 

টেসলার ওই গিগাফ্যাক্টরি বর্তমানে বছরে ১২ লাখ ৫০ হাজার গাড়ি উৎপাদন করতে সক্ষম। কারখানার সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। গত মাসে এই কারখানায় কানাডায় রপ্তানির জন্য মডেল ওয়াই স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) তৈরি শুরু হয়েছে। 

পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করায় ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ায় চীনের রপ্তানি বাড়ছে। গত বছর ইউক্রেন যুদ্ধ শুরুর পর ফক্সওয়াগন এবং টয়োটাসহ অন্য প্রতিদ্বন্দ্বীরা রাশিয়া ছেড়ে যাওয়ার পর দেশটিতে চীনা গাড়ি নির্মাতা জিলি, চেরি এবং গ্রেট ওয়ালের বাজার অংশীদারত্ব বেড়েছে।

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টানা দুই দফা কমার পর বাড়ল সোনার দাম

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

চূড়ান্ত বাজেটে তামাকের করকাঠামো সংস্কারের দাবি

পিপলস ইনস্যুরেন্সের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আমের মৌসুমে ৪ জেলায় শনিবারও খোলা থাকবে ব্যাংক

ওপেক ত্যাগের কথা ভাবছে ইরাক