হোম > অর্থনীতি

গার্মেন্টসসহ শিল্প খাত

বেতন-বোনাস বকেয়ার শঙ্কা ২৬৬ কারখানায়

রাসেল মাহমুদ, ঢাকা

বেতন-বোনাস পরিশোধসহ নানা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পোশাক কারখানার শ্রমিকদের। গতকাল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতর সামনে রেখে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ১ হাজারের বেশি শিল্পকারখানার শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস বকেয়া পড়ার আশঙ্কা রয়েছে। একে কেন্দ্র করে কারখানাগুলোতে যাতে অস্থিরতা তৈরি না হয়, সে জন্য আগে থেকে তৎপর রয়েছে গোয়েন্দারা। যেসব কারখানায় বেতন-বোনাস বকেয়া থাকার আশঙ্কা রয়েছে, সেসব প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে এরই মধ্যে বৈঠক শুরু করেছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের ঈদেও কিছু কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে সমস্যা রয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে, যাতে শ্রমিকদের আন্দোলনে নামতে না হয়। বৈঠকের মাধ্যমে বকেয়া বেতন-বোনাস পরিশোধে আগে থেকে সমাধানের চেষ্টা চলছে।’

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বেতন বকেয়া পড়া, বকেয়ার শঙ্কা থাকা পোশাকসহ বিভিন্ন খাতের ১ হাজারের বেশি কারখানা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসেরও বেতন বকেয়া রয়েছে ৭৪৭টি কারখানার। আর ঈদকে কেন্দ্র করে সারা দেশে বেতন-বোনাস বকেয়ার শঙ্কা আছে আরও অন্তত ২৬৬টি কারখানার। কারখানাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাজনীতিসহ নানা কারণে অনেক কারখানার মালিক বিদেশে অবস্থান করছেন, কেউ কেউ দেশের মধ্যে আত্মগোপনে। মালিক না থাকা অবস্থায় বেতন বকেয়া থাকায় এসব কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। তবে এমন পরিস্থিতি এড়াতে আগে থেকে তৎপর থাকার কথা বলছে শিল্প পুলিশ ও গোয়েন্দারা।

গত ১৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ঢাকার সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে তিনটি কারখানায় বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটে। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেন।

পুলিশের গোয়েন্দা তথ্য অনুযায়ী, গাজীপুরের গাছা এলাকার রাবার ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার ব্রি-ব্রাদার্স গার্মেন্টস লিমিটেড এবং সাভারের বিরুলিয়ার এমট্রানেট লিমিটেডে মোট ৫ হাজার ৬৮১ শ্রমিক কাজ করেন। এসব কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা বাবদ বকেয়া প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

গত ১৮ ফেব্রুয়ারি রাবার ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের শ্রমিকেরা বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খোলা রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। অভিযোগ রয়েছে, প্রায় ১ হাজার ২৫০ শ্রমিকের এ কারখানা পাওনা বেতন না দিয়ে হঠাৎ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ নেতা জাইম আহম্মেদের মালিকানাধীন কারখানাটিতে শ্রমিকদের পাওনার প্রায় ৫ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি ঠাণ্ডা করতে গত ২৫ ফেব্রুয়ারি শ্রম অসন্তোষ নিরসনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা জহিরুল হক ভূইয়ার মালিকানাধীন ব্রি-ব্রাদার্স গার্মেন্টস লিমিটেডের কর্মীসংখ্যা প্রায় ১ হাজার ১৫০ জন। গত জানুয়ারি মাসের বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা সম্প্রতি বিক্ষোভ করেন। এক পর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোয়েন্দারা বলছেন, এ কারখানার শ্রমিকদের আর আন্দোলনে নামার সম্ভাবনা নেই। ব্রি-ব্রাদার্স নামের কারখানাটির প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা বেতন-ভাতা বকেয়া রয়েছে বলে জানা গেছে।

সাভারের এমট্রানেট লিমিটেডেও বকেয়া বেতনকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

গোয়েন্দা সূত্র বলছে, ঈদকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়। উপরের তিন কারখানার মতো যেসব কারখানায় বেতন-বোনাস আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেসব কারখানায়ও একইভাবে কাজ করছে শিল্প পুলিশ ও গোয়েন্দারা। মজুরি বকেয়া থাকা কারখানার তালিকা তৈরির পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে পোশাক কারখানাগুলোতে। কারখানার মালিক, শ্রমিক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সমন্বয়ের মাধ্যমে সমাধানের ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

এদিকে গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন সূত্র বলেছে, ঈদের আগে শতাধিক কারখানার মালিক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হতে পারেন। এ পরিস্থিতিতে মালিকদের সহায়তায় সরকার নগদ প্রণোদনা এবং এক মাসের বেতনের সমপরিমাণ সহজ শর্তের ঋণসুবিধা চালু করেছে। এ জন্য বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো শ্রমিকদের এক মাসের বেতনের সমপরিমাণ ঋণ দিতে পারবে। পাশাপাশি রপ্তানির বিপরীতে বকেয়া নগদ সহায়তার জন্য বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, ‘প্রতিবছরই ঈদের আগে বকেয়া বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের আন্দোলনে নামতে হয়। এবার শ্রমিকেরা তাঁদের প্রাপ্য অধিকারটুকু যেন পান।’

জ্বালানি ও ঋণ ছাড়া উন্নয়ন অসম্ভব

মধ্যপ্রাচ্যে রপ্তানি প্রায় বন্ধ, ধাক্কা ইউরোপের বাজারেও

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে সিটি ব্যাংক

রমজান ও ঈদ কেনাকাটায় ১০ হাজার টাকা পর্যন্ত বিকাশ অফার

সনি-স্মার্ট শোরুম এখন বগুড়ায়

কর-জিডিপি বাড়াতে এনবিআরে নতুন টাস্কফোর্স

৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন

ফ্যাশন ও বিউটি পণ্যে ২ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা কোম্পানি

তরুণ উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেনের সমঝোতা স্মারক সই

৯ হাজার টাকা কমল সোনার দাম