আন্তর্জাতিক পর্যটন শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা এবং বৈশ্বিক পর্যটন বাজারের সঙ্গে দেশের সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’।
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত এই আন্তর্জাতিক ট্রাভেল মার্টে বাংলাদেশসহ ২০টি দেশের ১৩০টির বেশি প্রদর্শক, শতাধিক পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকেরা।
শনিবার (১১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, সিনিয়র সহসভাপতি মো. মহসিন ইকবাল, সহসভাপতি এ কে এম কামরুজ্জামান এবং সংগঠনের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বোটোয়ার সভাপতি বলেন, ‘বাংলাদেশের পর্যটন শিল্প বর্তমানে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি বিনিয়োগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই সম্ভাবনাকে বিশ্বদরবারে আরও কার্যকরভাবে তুলে ধরতেই প্রথমবারের মতো বাংলাদেশ ট্রাভেল মার্টের আয়োজন করা হচ্ছে।’
বোটোয়া সভাপতি আরও বলেন, ‘দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। এই আয়োজন সেই সম্ভাবনাকে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘বোটোয়া শুধু আউটবাউন্ড পর্যটন নয়, ইনবাউন্ড পর্যটন সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়েও কাজ করে যাচ্ছে।’
ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসিন ইকবাল জানান, এবারের আসরে প্রথমবারের মতো বিজনেস-টু-বিজনেস (বিটুবি) এবং বিজনেস-টু-কনজ্যুমার (বিটুসি) কার্যক্রম পৃথক দুটি হলে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক হোস্টেড বায়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
মহসিন ইকবাল আরও বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইনস, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, নেটওয়ার্কিং এবং নতুন অংশীদারত্বের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে বায়ার-সেলার মিটিং, বিজনেস নেটওয়ার্কিং এবং বিনিয়োগ বিষয়ক বিভিন্ন কার্যক্রম।’
আয়োজকেরা জানান, বিটুসি প্ল্যাটফর্মে সাধারণ দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিশেষ ট্রাভেল অফার এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য সম্পর্কে সরাসরি তথ্য ও আকর্ষণীয় মূল্যছাড়ের সুবিধা পাবেন।