হোম > অর্থনীতি

মার্কিন নতুন শুল্ক প্রস্তাব: রপ্তানিতে আবার শুল্কের ভয়

• বাণিজ্য চুক্তি করার পরও নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশ

• মার্কিন অভিযোগের তথ্যভিত্তিক জবাব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

• মার্কিন শুল্কঝুঁকির সঙ্গে শঙ্কা বাড়ছে ইউরোপের বাজারেও

শাহ আলম খান, ঢাকা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি (এআরটি) সই হয় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি। এতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কহার অনেকটা কমে এসেছিল। কিন্তু মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করায় দেশটির বাজারে রপ্তানি নিয়ে অনিশ্চয়তা আবার বাড়ল।

এই ঝুঁকি এমন সময়ে এসেছে, যখন ইউরোপের বাজারেও বাংলাদেশের রপ্তানি চাপের মুখে। দেশের মোট রপ্তানির প্রায় ৬১ শতাংশের গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের বাজার। অথচ সেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে, বিপরীতে চীন ও ভিয়েতনামের রপ্তানি বাড়ছে। ফলে যুক্তরাষ্ট্রে শুল্ক বাড়ার আশঙ্কার পাশাপাশি ইউরোপে বাজার ধরে রাখার প্রতিযোগিতাও কঠিন হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকিতে প্রতিযোগী দেশগুলো বিকল্প বাজারে আরও সক্রিয় হলে ইউরোপে বাংলাদেশের ওপর চাপ বাড়তে পারে। এর সঙ্গে উৎপাদন ব্যয়, পণ্যের দাম ও সরবরাহ সক্ষমতার বিদ্যমান দুর্বলতা যুক্ত হলে রপ্তানি ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

ইউএসটিআরের নতুন প্রস্তাব

মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের ওয়েবসাইটে গত বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব তুলে ধরা হয়। এতে বলা হয়, উৎপাদনশিল্পের বিভিন্ন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিষয়ে ১৪টি দেশের কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে অথবা বাণিজ্যকে সীমিত করছে। ফলে এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইউএসটিআর। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করে দেয় এমন সব শিল্পকৌশলের মোকাবিলা করতে নতুন এই শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের ওপর নতুন শুল্কের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশি পণ্যের ওপর বর্তমানে সব মিলিয়ে মার্কিন শুল্ক আছে ৩৫ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১০ শতাংশ আছে অতিরিক্ত শুল্ক। নতুন করে ১৮ শতাংশ বাড়তি শুল্ক যোগ হলে আগের ১০ শতাংশ বাদ গিয়ে অতিরিক্ত শুল্ক হবে ৮ শতাংশ। তখন সব মিলিয়ে শুল্ক দাঁড়াতে পারে ৪৩ দশমিক ৫ শতাংশ।

ইউএসটিআরের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত মতামত নেওয়া হবে। এরপর ২৫ জানুয়ারি শুনানি শুরুর কথা রয়েছে।

তদন্তে জবাব দিতে হবে বাংলাদেশকে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগের সঙ্গে দ্বিমত জানিয়েছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা নিয়ে ইউএসটিআর যে অভিযোগ এনেছে, তার ভিত্তি নেই। সরকার তথ্য-প্রমাণ দিয়ে ইউএসটিআরের কাছে অবস্থান তুলে ধরবে।

জানা গেছে, তদন্তে রপ্তানি প্রণোদনা, নগদ সহায়তা, কর অবকাশ, ব্যাংক খাতে সরকারি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও শ্রম অধিকারও খতিয়ে দেখা হতে পারে। রপ্তানি খাতের সহায়তা আন্তর্জাতিক বাণিজ্যবিধির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তার ব্যাখ্যা দিতে হবে। শ্রম আইন, ট্রেড ইউনিয়ন গঠন এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিয়েও প্রশ্ন উঠতে পারে।

বাংলাদেশে তৈরি পোশাকের কাপড়, সুতা ও উপকরণের বড় অংশ চীন থেকে আসে। ইউএসটিআর এটিকে তার বাণিজ্যনীতিতে অন্যায্য হিসেবে দেখছে। কিন্তু বাস্তবতা হলো, চীনা কাঁচামাল ব্যবহার করলেই বাংলাদেশের পণ্য অন্যায্য বাণিজ্যের আওতায় পড়ে না। তাই বাংলাদেশের সরবরাহব্যবস্থা, পণ্যের উৎপত্তি ও দেশে হওয়া মূল্য সংযোজনের তথ্যও এখন তুলে ধরে আলোচনার কোনো বিকল্প নেই। অর্থনীতিবিদদের পরামর্শ, প্রতিটি অভিযোগের বিপরীতে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট নীতির ব্যাখ্যা প্রস্তুত করতে হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, সরকারকে ইউএসটিআরের সঙ্গে যোগাযোগ করে তথ্য-উপাত্তসহ লিখিতভাবে বাংলাদেশের অবস্থান জানাতে হবে। অভিযোগগুলোর তথ্যভিত্তিক জবাব দেওয়া জরুরি।

বাংলাদেশের পোশাকের অন্যতম প্রধান বাজার যুক্তরাষ্ট্র। শুল্ক বাড়লে আমদানিকারকদের খরচ বাড়বে, সেই ব্যয় ক্রেতারা বহন না করলে ক্রয়াদেশ অন্য দেশে চলে যেতে পারে। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু আজকের পত্রিকাকে বলেন, শুল্ক বাড়লে পোশাকের দাম বাড়বে, চাহিদা কমতে পারে। জানুয়ারি থেকে শুল্ক কার্যকর হলে বাংলাদেশের পোশাক রপ্তানির ক্রয়াদেশ নিশ্চিতভাবেই কমবে।

মার্কিন শুল্কঝুঁকির মধ্যেই ইউরোপে রপ্তানি কমছে

মার্কিন তদন্তের আওতায় চীন, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও রয়েছে। শুল্কের চাপ তৈরি হলে এসব দেশ বিকল্প বাজারে বিক্রি বাড়াতে পারে, যা ইউরোপে বাংলাদেশের প্রতিযোগিতা কঠিন করবে। বাংলাদেশের উদ্বেগের কারণ, ইউরোপের বাজারে রপ্তানি কমছে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬৫ শতাংশ কমে ১ হাজার ৩৭ কোটি ইউরো হয়েছে। ওই সময়ে ইইউর মোট পোশাক আমদানি কমেছে ৫ দশমিক ১ শতাংশ। বিপরীতে চীনের রপ্তানি বেড়েছে ১ দশমিক ৮৯ শতাংশ এবং ভিয়েতনামের ৩ দশমিক ৯২ শতাংশ। ইউরোপের বাজারে আমদানি কমলেও প্রতিযোগী দেশ দুটি রপ্তানি বাড়িয়েছে।

ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ, অথচ আয় কমেছে ১৩ দশমিক ৬৫ শতাংশ। প্রতি কেজি পোশাকের গড় রপ্তানিমূল্য ৮ দশমিক ৪৭ শতাংশ কমে ১৩ দশমিক ৮০ ইউরো হয়েছে। ইইউতে পোশাক আমদানির গড় মূল্য ছিল ১৯ দশমিক ৮৪ ইউরো। পরিমাণের পাশাপাশি বিক্রয়মূল্যেও চাপ রয়েছে, কম দামে পণ্য বিক্রি করেও রপ্তানিকারকেরা আগের আয় ধরে রাখতে পারছেন না।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে বলেন, ইউরোপে বাংলাদেশের পিছিয়ে পড়ার পেছনে দেশের উৎপাদন ও সরবরাহব্যবস্থার দুর্বলতাও রয়েছে। গ্যাস-বিদ্যুৎ, পরিবহন, বন্দরসেবা, অর্থায়ন ও শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক ক্রেতারা সেই অনুপাতে পণ্যের দাম বাড়াতে রাজি হচ্ছে না। ফলে কারখানার খরচ বাড়লেও রপ্তানিমূল্য কমানোর চাপ তৈরি হচ্ছে।

এলডিসি উত্তরণের পর বাণিজ্যসুবিধা ধরে রাখতেও ইউরোপ গুরুত্বপূর্ণ। ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়তি সময় পাওয়ায় প্রস্তুতির সুযোগ রয়েছে। এরপর শ্রম অধিকার, পরিবেশ ও সুশাসনে অগ্রগতি না হলে জিএসপি প্লাস সুবিধা পাওয়া কঠিন হতে পারে। এ পরিস্থিতিতে পণ্যের মান, পরিবেশ, শ্রম অধিকার, উৎপাদনের উৎস শনাক্তকরণ ও সময়মতো সরবরাহ নিশ্চিত করাও জরুরি।

প্রতিযোগিতাসক্ষমতা বাড়ানোর তাগিদ

সিপিডির বিশেষ ফেলো অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুনের মতে, চীন থেকে আমদানিনির্ভরতা রাতারাতি কমানো সম্ভব নয়। তবে অন্য দেশ থেকে প্রতিযোগিতামূলক দামে কাঁচামাল আনা যায় কি না, তা দেখতে হবে। প্রতিযোগী দেশগুলো ইউরোপে রপ্তানি বাড়ানোর চেষ্টা করতে পারে বলে উৎপাদন ব্যয় কমানো জরুরি। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ, উন্নত বন্দর ও শুল্ক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বিধিসম্মত সহায়তার ওপরও তিনি গুরুত্ব দেন।

ফাহমিদা খাতুন বলেন, সরকারকে যুক্তরাষ্ট্রের তদন্তে জবাব দেওয়ার পাশাপাশি ইউরোপে কোন পণ্যের রপ্তানি কেন কমছে, তা শনাক্ত করতে হবে। প্রতিযোগী দেশের সঙ্গে ব্যয়, দাম ও নীতি-সহায়তার তুলনা করে দুর্বলতা চিহ্নিত করতে হবে।