সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক ক্ষমতার রুফটপ সোলার পিভি প্রকল্প চালু করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড। শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রসারে প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আজ মঙ্গলবার ডিইপিজেডে গুনজে ইউনাইটেড লিমিটেডের কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও কমিশনিং করা হয়। এ উপলক্ষে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
প্রকল্পটিতে মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বর্তমানে প্রকল্পটি পুরোদমে চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন করছে।
গুনজে ইউনাইটেড লিমিটেড জানিয়েছে, বিদ্যুতের প্রচলিত উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।
গুনজে ইউনাইটেড লিমিটেড হলো ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুনজে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির এ উদ্যোগ বাংলাদেশের শিল্প খাতে গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের প্রসারকে আরও ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।