হোম > অর্থনীতি

সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক-এনআরবিসি ব্যাংকের চুক্তি

বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি পরিচালক মো. জবদুল ইসলাম ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এ সময় এনআরবিসি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. রমজান আলী ভুইয়াসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে অর্থায়নের সুযোগ বাড়বে। এই পুনঃঅর্থায়ন তহবিলের অর্থ গ্রাহকেরা ৯ শতাংশ সুদে পাবেন। তহবিলটি তিন বছর মেয়াদি এবং আবর্তনশীল হিসেবে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ তহবিলের মূল উদ্দেশ্য হলো দেশের যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধা দেওয়া। এর মাধ্যমে উদ্যোক্তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।