হোম > অর্থনীতি

যে ৫ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসনের

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অন্যায্য বাণিজ্যিক নীতির অভিযোগে এ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার (সেকশন ৩০১) অধীনে এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের ক্ষেত্রে পাঁচটি বিষয়কে ‘অযৌক্তিক কার্যক্রম ও নীতি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ইউএসটিআরের এক প্রতিবেদনে।

এতে প্রথম কারণ হিসেবে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ উৎপাদন খাতগুলো ধরে রাখা ও সম্প্রসারণের জন্য গৃহীত শিল্প পরিকল্পনা। দ্বিতীয়ত, উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিশেষ প্রণোদনা প্রদান। তৃতীয়ত, অপর্যাপ্ত শ্রম সুরক্ষা ব্যবস্থা। চতুর্থ কারণ হিসেবে বলা হয়েছে আর্থিক দমনমূলক নীতি এবং সবশেষে অপ্রচলিত বাজার অর্থনীতি বা নন-মার্কেট ইকোনমি থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের এসব নীতির কারণে বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ সংকুচিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে কর্মসংস্থান, রপ্তানি ও বিনিয়োগ কমে গিয়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতে অ-বাজার অর্থনীতির কাঁচামালের ওপর নির্ভরশীলতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বলেছেন, দশকের পর দশক ধরে আমাদের অনেক বাণিজ্যিক অংশীদার মজুরি ও শ্রম দমন, আর্থিক সহায়তা এবং বাজার বিকৃতকারী নীতির মাধ্যমে নিজেদের পক্ষে বাণিজ্যের ভারসাম্য টানছে, যা আমেরিকার উৎপাদন ভিত্তিকে দুর্বল করছে।

জি-৭, জি-২০ বা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিভিন্ন বিবৃতিতে কোনো পরিবর্তন না আসায় প্রেসিডেন্ট ট্রাম্প এই অন্যায্য নীতিগুলো দূর করতে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করছেন।