চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। তাঁদের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সকল করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআরের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের ৪ আগস্ট থেকে এ পর্যন্ত ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে গত আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবর ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বর ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন, ডিসেম্বর ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন, জানুয়ারিতে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারি ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চের প্রথম ৪ দিনে ৩৬ হাজার ৭০০ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।
দাখিলকৃত রিটার্নে বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ ও ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী। বাড়িভাড়া খাতে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ ও ৮৪ হাজার ৪৭৭ জন নারী। করযোগ্য সীমার নিচে আয় দেখেছেন ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন পুরুষ ও ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন নারী। ৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে আয় দেখেছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ ও ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী।
ই-রিটার্ন দাখিলের সুবিধা অনুযায়ী, করদাতা ঘরে বসেই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সহজে এন্ট্রি করতে পারেন। পরিশোধ করা যায় ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় স্বীকৃতি ও আয়কর সনদ প্রিন্ট করা সম্ভব।
বিদেশে থাকা করদাতারা ই-মেইলে ওটিপি সংগ্রহ করে রিটার্ন দাখিল করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টার ০৯৬৪৩-৭১-৭১-৭১ ও www.etaxnbr.gov.bd-এর মাধ্যমে সহায়তা পাওয়া যাচ্ছে। এনবিআর সব করদাতাকে ৩১ মার্চের মধ্যে ই-রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করেছে।