বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরীর জায়গা ফুরিয়ে গেছে। অথচ নতুন শিল্প স্থাপনে উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে। এই চাহিদা মেটাতে সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী শীত মৌসুমেই এর উন্নয়নকাজ শুরুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল শনিবার বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি ফাপোড় ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের স্থান পরিদর্শন করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রাখে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে এ জেলার বড় সম্ভাবনা রয়েছে। নতুন শিল্পপার্কের মাধ্যমে সেই সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
মন্ত্রী বলেন, বগুড়ার বর্তমান বিসিক শিল্পনগরী পূর্ণ হয়ে যাওয়ায় নতুন উদ্যোক্তাদের শিল্প স্থাপনের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এ কারণে প্রায় ৪০০ একর জমিতে নতুন শিল্পপার্ক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত প্রক্রিয়া এগিয়ে নিয়ে শীত মৌসুমেই প্রাথমিক কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।
প্রস্তাবিত শিল্পপার্কে শুধু জমি ও অবকাঠামো দেওয়ার মধ্যে সরকারের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সেখানে কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনবল তৈরি এবং শিল্প স্থাপনে উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তা দেওয়া হবে। শিল্পপার্কে বিনিয়োগকারী উদ্যোক্তারা সরকারের ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় তুলনামূলক কম সুদে ঋণের সুযোগ পাবেন।
শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি অর্থায়নের ব্যয় কমানোর ওপর জোর দেন মন্ত্রী। তাঁর ভাষায়, উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা পরিচালনা করা কঠিন। তাই পণ্যের উৎপাদন খরচ কমাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি অর্থায়নের খরচও কমাতে হবে। শিল্পের জন্য সরকার নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ, সহজে গ্যাস-সংযোগ এবং কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে কাজ করছে বলেও জানান তিনি।
বগুড়া চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নতুন পর্ষদের সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।