হোম > অর্থনীতি

বাংলাদেশসহ এশিয়ায় পলিয়েস্টার সরবরাহে যুদ্ধের ধাক্কা, পোশাকশিল্পে ব্যয় বৃদ্ধির শঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের আকাশচুম্বী দামের কারণে এবার বাংলাদেশ ও ভারত উভয় দেশের পলিয়েস্টার পোশাকশিল্পের ওপর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে হরমুজ প্রণালি দিয়ে এই সুতা তৈরির কাঁচামাল আমদানি অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে চীনা সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিয়েছে। ফলে পেট্রোলিয়াম থেকে উৎপাদিত এই কাঁচামাল কিনতে খাতসংশ্লিষ্টদের প্রায় ৩০ শতাংশ বেশি ব্যয় হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুধু তা-ই নয়, পোশাকশিল্পের এই সংকট শুধু সুতা উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়েছে। সে সঙ্গে দেখা দিয়েছে শ্রমিকসংকট। ভারতের গুজরাট রাজ্যের সুরাটের মতো টেক্সটাইল হাবগুলোতে রান্নার গ্যাসের তীব্র সংকটের কারণে অনেক অভিবাসী শ্রমিক এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। ফলে প্রতিষ্ঠানগুলোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের অর্ডারগুলো সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

মূলত, বর্তমানে বিশ্বের মোট সুতা উৎপাদনের প্রায় ৫৯ শতাংশই দখল করে আছে পলিয়েস্টার। খেলাধুলার পোশাক থেকে শুরু করে সাধারণ পোশাক—সবকিছুতেই এর ব্যবহার ব্যাপক। তবে বর্তমান চলমান পরিস্থিতিতে ‘জারা’ ও ‘এইচঅ্যান্ডএম’-এর মতো বিশ্বখ্যাত সাশ্রয়ী খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের অন্যতম বৃহৎ পলিয়েস্টার সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিলাটেক্সের ব্যবস্থাপনা পরিচালক মধুসূদন ভাগেরিয়া রয়টার্সকে জানান, সুতা তৈরির প্রধান কাঁচামাল—পিউরিফায়েড টেরেফথালিক অ্যাসিড (পিটিএ) এবং মনোইথিলিন গ্লাইকল (এমইজি) কিনতে তাঁদের এখন প্রায় ৩০ শতাংশ বেশি খরচ করতে হচ্ছে।

বিন্দাল সিল্ক মিলসের সিইও অবিচল আর্য জানান, জ্বালানি সংকটের কারণে কাপড় ডাইং (রং করা) ও প্রিন্টিংয়ের রাসায়নিক এবং রঙের খরচ ‘ভয়াবহ রকমের’ বেড়ে গেছে। প্রতিষ্ঠানটি জারা, এইচঅ্যান্ডএম, টার্গেট, ওয়ালমার্ট ও আইকিয়ার মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোকে কাপড় সরবরাহ করে।

এশিয়ার পলিয়েস্টারনির্ভর পোশাকশিল্পের এমন বহুমুখী সংকটের প্রভাব খুচরা বিক্রেতাদের ওপর পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। তবে আগাম কিনে রাখা কাঁচামালের জন্য বিক্রেতারা আপাতত তাৎক্ষণিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন।

ব্রিটিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক জানিয়েছে, বসন্ত-গ্রীষ্ম ও শরৎ-শীতকালীন চালানের জন্য কাঁচামাল মজুত থাকায় এখনই এই সংকটে পড়তে হচ্ছে না। এর সহযোগী প্রতিষ্ঠান ব্রিটিশ ফুডসের (এবিএফ) সিইও জর্জ ওয়েস্টন বলেছেন, ‘আমরা যদি এখন এসে পেট্রোলিয়ামসংশ্লিষ্ট কাঁচামাল কিনতাম, তাহলে বিশাল মূল্যস্ফীতির মুখে পড়তে হতো। কিন্তু বর্তমানে আমরা কিনছি না। যখন আমাদের আবার বাজারে ফিরতে হবে, তখন হয়তো দাম কমে যাবে! তবে সেটিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

এদিকে শিল্পসংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এইচঅ্যান্ডএম ধারণা করছে, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশি সরবরাহকারীরা বেশি দাম দাবি করতে শুরু করবে। তবে তারা আপাতত সেই বাড়তি খরচ নিজেরাই বহন করার পরিকল্পনা করছে।

এক বিবৃতিতে এইচঅ্যান্ডএম জানিয়েছে, তারা বাংলাদেশে উৎপাদনে বড় কোনো বিঘ্ন দেখছে না এবং জ্বালানি খরচের কারণে সরবরাহকারীদের কাছ থেকে অর্ডার পরিবর্তনের বিশেষ কোনো অনুরোধও পায়নি।

তবে পলিয়েস্টার সরবরাহ-সংশ্লিষ্ট বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে বাংলাদেশে পোশাক কারখানাগুলো মূলত তুলানির্ভর পোশাক তৈরি করলেও তারা সেলাই মেশিনে ব্যবহৃত পলিয়েস্টার সুতার (সুইং থ্রেড) বাড়তি দাম এবং জ্বালানির দাম বাড়ায় আকাশচুম্বী পরিবহন খরচের মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ক্রেতারা আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে গেছেন এবং অর্ডার দেওয়ার আগে সব ধরনের ঝুঁকি বিবেচনা করছেন। এর ফলে অর্ডারের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে ভারতের সুরাট শহরে পলিয়েস্টারশিল্পে বড় ধরনের ধাক্কা লেগেছে। অঞ্চলটির রাধেশ্যাম টেক্সটাইলের ২০০টি কারখানার মধ্যে প্রায় অর্ধেকই ফেব্রুয়ারির শেষের দিক থেকে বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক কৌশিক দোভা জানিয়েছেন, যুদ্ধের আগে যেখানে প্রতিদিন ১০ হাজার মিটার কাপড় উৎপাদন হতো, এখন তা কমে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার মিটারে নেমে এসেছে। তিনি নতুন পলিয়েস্টার সুতা কেনা বন্ধ করে দিয়েছেন, কারণ, কাঁচামালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তাঁকে পণ্যের দাম প্রায় ১৫ শতাংশ বাড়াতে হবে, এতে ক্রেতারা বিমুখ হতে পারেন।

ঢাকা ট্যাক্সেস বারের নতুন সভাপতি মিজান, সাধারণ সম্পাদক আশরাফ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

ক্রিপ্টো বাজারে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে হ্যাকারদের হানা: ২৫ লাখ ডলার চুরি, ৪ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

এডিবির বার্ষিক প্রতিবেদন ২০২৫: তিন কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় দুর্বল

পিআরআইয়ের সেমিনার: মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার

প্রাইম ব্যাংক ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি

তামাকজাত পণ্যে নতুন করে শুল্ক বাড়ানোর প্রস্তাব

কেন ২২ হাজার কেজি সোনা বিক্রি করলেন পুতিন

প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ